আইসিসির মার্চ মাসের সেরা ক্রিকেটার সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের মার্চের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন বাংলাদেশের পোস্টারবয় ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই পুরস্কার জিততে সাকিব হারিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার আসিফ খানকে। তাদেরকে পেছনে ফেলেই মার্চের সেরা ক্রিকেটার হয়েছেন সাকিব।

মূলত ঘরের মাঠে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে বড় ভূমিকা পালন করেন সাকিব। বিশেষ করে তার নেতৃত্বে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বাংলাদেশ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করে। এছাড়া শেষ ওয়ানডেতে ইংলিশদের বিপক্ষে ৭৫ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পাশাপাশি ঐ ম্যাচে বল হাতেও সাকিব নিয়েছিলেন ৪ উইকেট। ওয়ানডে সিরিজটা বাংলাদেশ হারলেও সাকিব ব্যাট হাতে ১৪১ রান ও বল হাতে ৬ উইকেট শিকার করেন।

এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব ছিলেন অনবদ্য। সিলেটে প্রথম ওয়ানডেতে সাকিব সেঞ্চুরি মিস করলেও খেলেছিলেন ম্যাচ জয়ী ৯২ রানের একটি দুর্দান্ত ইনিংস। এ সিরিজে বল হাতেও সাকিবের পারফরম্যান্স ছিলো নজরকাড়া।

এর আগেও একবার আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার জিতেছিলেন সাকিব। আর সেটা ছিলো ২০২১ সালের জুলাই মাসের। এরপর একই বছর অক্টোবরেও প্লেয়ার অব দয মান্থের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পান তিনি তবে সেবার পুরস্কার জিততে পারেননি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »