নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মুস্তাফিজ, নরকিয়ার অসাধারণ বোলিং নৈপুণ্যও হার এড়াতে পারেনি দিল্লি ক্যাপিটালসের। চলতি আইপিএলে চার ম্যাচের সবকটিতেই পরাজয় বরণ করেছে ডেভিড ওয়ার্নারের দল। তবে দল হারলেও মুস্তাফিজ – নরকিরায় পারফরম্যান্সে খুশি দিল্লি কাপ্তান ওয়ার্নার।
দিল্লির দেওয়া ১৭৩ রানের লক্ষ্যমাত্রাটাকে মামুলি মনে হয়েছিলো শুরুর দিকে রোহিত – ইশান কিশানদের ব্যাটিংয়ে। কিন্তু শেষের দিকে ডট আর উইকেট তুলে নিয়ে রোহিতদের চাপে ফেলে দেন মুস্তাফিজ ও নরকিয়া। শেষের ৬ ওভারে যেখানে মুম্বাইয়ের রান প্রয়োজন ছিলো ৫২ সেখান থেকে জয়ের জন্য মুম্বাইয়ের শেষের দুই ওভারের সমীকরণ গিয়ে দাঁড়ায় ১২ বলে ২০ রানের। তবে ফিজ নিজের করা শেষ ওভারে ১৫ রান খরচ করলে ম্যাচ থেকে ছিটকে যায় দিল্লি। তবুও শেষ ওভারে নরকিয়া দারুণ কিছু ডেলিভারিতে ম্যাচ জমিয়ে তুললেও হার এড়াতে পারেননি।
ম্যাচ শেষে দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার মুস্তাফিজ ও নরকিয়াকে প্রশংসায় ভাসিয়েছেন। ওয়ার্নার বলেন, ‘আপনি শেষ তিনটি আইপিএল ম্যাচ দেখেছেন, আশ্চর্যজনক। আজ কিন্তু ছেলেরা দুর্দান্ত ছিল। দুটি বল ভুল ছিল এবং এটাই খেলা। আমরা ম্যাচ ফিরিয়ে আনতে ভালো বল করেছি। নরকিয়া বিশ্বমানের এবং আমরা বড় ছেলের কাছ থেকে এটাই আশা করি। মুস্তাফিজও তাই।’
দিল্লির জার্সিতে এবারের আইপিএলে গতকালই প্রথম মাঠে নেমেছিলেন ফিজ। তবুও আসরের প্রথম জয় পেতে ব্যর্থ হয়েছে তারা।
