উড়তে থাকা আবাহনীকে মাটিতে নামাল শেখ জামাল

দুর্জয় দাশ গুপ্ত »

ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলতে থাকা আবাহনী লিমিটেডকে অবশেষে হারালো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মিরপুরে নিজেদের নবম ম্যাচে এসে প্রথম পরাজয়ের স্বাদ পেল মোসাদ্দেক হোসেন সৈকতের দল। আর আবাহনীকে হারিয়ে আবাহনীর সমান পয়েন্ট নিয়ে তাদের কাঁধেই নিঃশ্বাস ফেলছে নুরুল হাসান সোহানের দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

মিরপুরে সকালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আবাহনী। পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলতে থাকা এনামুল হক বিজয় এদিন ছিলেন খুবই সাদামাটা। মাত্র ১৫ রান করে মৃত্যুঞ্জয়ের বলে কিপারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ২য় উইকেট জুটিতে নাইম শেখ ও জাকের আলী আবাহনীকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু নাইমের বিদায়ের পর আবাহনীর রান তোলার গতি অনেকটাই কমে যায়। ১৭৬ রানে ৬ উইকেট হারানো আবাহনী তখনই ম্যাচ থেকে ছিটকে যেতে পারতো। কিন্তু শেষের দিকে জাকের আলী, সাইফউদ্দিন ও তানজিম সাকিবের দৃঢ়তায় ২৫০ রানের লড়াই করার মত পুঁজি পায় তারা।

২৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী ভঙ্গিতে ব্যাট চালাতে থাকেন শেখ জামালের ব্যাটাররা। সৈকত আলী ফিরে গেলেও সাইফ হাসান ও ফজলে রাব্বি ওভারপ্রতি ৬ কিংবা তার বেশি করে রান তুলছিলেন। কিন্তু ১০৭ রানে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় আবাহনী। কিন্তু আবাহনীর আনবিটেন রান ভেঙ্গে দেওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন তাওহিদ হৃদয়।

একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকা হৃদয় আবাহনীর বোলারদের উপর চড়াও হয়েছেন সুযোগ পেলেই। শেষের দিকে হৃদয় আর মৃত্যুঞ্জয় আউট হলেও জয় পেতে কোন বেগ পেতে হয়নি শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। আবাহনীকে ৪ উইকেটে হারায় তারা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »