দুর্জয় দাশ গুপ্ত »
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল খেলতে ইতিমধ্যে ভারত পৌঁছেছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল মাতাবেন তিনি। কিন্তু সব কিছু ছাপিয়ে নাইট একাদশে মিলবে তো লিটনের সুযোগ? এটাই এখন এদেশের ক্রিকেটে প্রেমীদের মনে ঘুরতে থাকা এক কঠিন প্রশ্ন।
রোববার লিটন যখন ভারতের বিমান ধরবেন তার দল তখন গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ খেলছে। রিঙ্কু সিংয়ের অবিশ্বাস্য এক ইনিংসে জয় পেয়েছে লিটনের দল কেকেআর। কেকেআরের এমন জয়ের আনন্দে ভেসছেন লিটনও। টুইটারে ছড়িয়ে পড়েছে নাইটদের প্রতি লিটনের ভালোবাসা। আগামী ১৪ এপ্রিল কলকাতার পরবর্তী ম্যাচ ঘরের মাঠে। সে ম্যাচে লিটন একাদশে জায়গা পাবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন। তবে লিটন যে বিবেচনায় থাকবেন সেটা নিঃসন্দেহে বলা যায়।
সুযোগ যদি পাওয়া যায় তবে সেটা সঠিকভাবে কাজে লাগাতে চান লিটন। দেশ ছাড়ার আগে তিনি গণমাধ্যমকে জানান, ‘কখনোই দেশের বাইরে আমি এত বড় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাইনি। তারা যদি আমাকে সুযোগ দেয় অবশ্যই আমি চেষ্টা করবো ভালো কিছু করার। এটা একটা বড় সুযোগ আমি মনে করি। এরকম টু্র্নামেন্টে কখনও যেতে পারিনি, প্রথমবার আমার জন্য। অবশ্যই ভালো লাগার বিষয়, আমি খুশি।’
একাদশে সুযোগ পাওয়ার নিশ্চয়ীনা থাকলেও দেশের ভক্তদের প্রতি কেকেআরকে সাপোর্ট করার অনুরোধ জানিয়েছেন লিটন। তিনি বলেন, ‘তেমন কোন লক্ষ্য নির্ধারণ করা নেই। যদি সুযোগ থাকে ভালো ক্রিকেট খেলবো। আপনারা এখানে যেভাবে সমর্থন করেন, ওখানেও একইভাবে করবেন।’
