দুর্জয় দাশ গুপ্ত »
বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল খেলার ইস্যুটা যেন বলিউডের সিনেমার ক্লাইম্যাক্সের মত। পুরো ইস্যুটাই টুইস্টে ভরপুর। আইপিএলের এবারের আসরের জন্য বাংলার পোস্টারবয় সাকিব আল হাসান ও ড্যাশিং ওপেনার লিটন দাসকে দলে ভেড়ায় শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু শেষ পর্যন্ত লিটন দলের সাথে যোগ দিতে গেলেও সাকিবের এবার আর আইপিএল খেলা হচ্ছে না। সাকিব আইপিএল থেকে ছিটকে যাওয়ায় শেষ পর্যন্ত লিটন নাইট শিবিরে যোগ দিবেন কিনা সেটা নিয়ে উঠেছিলো প্রশ্ন। তবে এবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী রোববার আইপিএলের জন্য দেশ ছাড়ছেন লিটন দাস।
এদিকে সাকিব ও লিটনের আইপিএল ইস্যুতে বিসিবি, নাইট রাইডার্স সহ দেশের ক্রিকেটপ্রেমীরা যতটা তৎপর ঠিক উল্টোটা মুস্তাফিজুর রহমানের বেলায়। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তিনিই সবার আগে তার দল দিল্লি ক্যাপিটালসের সাথে যোগ দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত এবারের আসরে দিল্লির জার্সি গায়ে মাঠে নামার সৌভাগ্য হয়নি ফিজের। হয়তো এজন্যই মুস্তাফিজ ইস্যুতে খুব একটা সরগরম নেই। তবে নিজেদের প্রথম দুটি ম্যাচেই দিল্লি ক্যাপিটালস বাজে ভাবে হারায় পরের ম্যাচেই হয়তোবা কপাল খুলবে ফিজের।
আর লিটনের দল কলকাতা নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও ঘরের মাঠে ২য় ম্যাচে দাপুটে এক জয় তুলে নিয়েছে। আর এই দুটো ম্যাচেই ব্যাট হাতে ভালোই পারফর্ম করেছেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। এদিকে সাকিব আল হাসানের জায়গায় নাইটরা দলে ভিড়িয়েছে আরেক ইংলিশ ওপেনার জেসন রয়কে। এজন্যই লিটনের জন্য এখন মূল একাদশে জায়গা পাওয়াটা বেশ কষ্টসাধ্য ব্যাপার হবে। আর যদি সুযোগ মিলেই তবে সেটাকে কাজে লাগাতে পারেন কিনা লিটন সেটাও দেখার বিষয়।

ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেড লিটন দাসকে আগেই দলে নিয়েছিলো। কিন্তু এখনো পর্যন্ত আবাহনীর জার্সিতে লিটন খেলতে পারেননি। হয়তো ঢাকা লিগে এবারের আসরে আর লিটনকে পাচ্ছে না দলটি। কারণ আগামীকালই ভারতের উদ্দেশ্যে উড়াল দেবেন তিনি।
