এই আবাহনীকে থামাবে কে?

দুর্জয় দাশ গুপ্ত »

ঢাকা প্রিমিয়ার লীগে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে আবাহনী লিমিটেড। পাচ্ছে একের পর এক জয়ের স্বাদ। প্রিমিয়ার লীগের টাইটেল জয় করেই হয়তো থামবে আবাহনীর জয়রথ। ফতুল্লায় আজ নিজেদের অষ্টম ম্যাচে লিজেন্ডস অফ রূপগঞ্জকে তারা হারিয়েছে ৫ উইকেটে।

ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লিজেন্ডস অফ রূপগঞ্জের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফির এমন সিদ্ধান্তকে সঠিক হিসেবেই প্রমাণ করেন রূপগঞ্জের ব্যাটাররা। ভারতীয় ক্রিকেটার চিরাগ জেনির অর্ধশতের পাশাপাশি শেষের দিকে সোহাগ গাজী ২০ বলে ৪৮ ও অধিনায়ক মাশরাফির ১৫ বলে ২৮ রানের ঝড়ো ইনিংসে ২৮৬ রানের বড় পুঁজি পায় লিজেন্ডস অফ রূপগঞ্জ। আবাহনীর হয়ে খেলা বিদেশি ক্রিকেটার দানিশ আজিজ ৪৩ রান খরচায় ৪ উইকেট নেন।

২৮৭ রানের লক্ষ্যটাও মামুলি হয়ে যায় যখন একটা দলে ৫-৬ জন ম্যাচ উইনার থাকেন। আবাহনী লিমিটেডের প্লেয়িং এলিভেন দেখলে যেন মনে হবে এটাও আরো একটা জাতীয় দল। ওপেনিংয়ে নামা এনামুল হক বিজয় ও নাইম শেখ ওপেনিং জুটিতে ৯.২ ওভারে ৫৯ রান যোগ করেন। পরপর দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকানো বিজয় ২৫ বলে ২৮ রান করে আউট হন। বিজয়ের বিদায়ের ঠিক কিছুক্ষণ পরেই সাজঘরের পথ ধরেন দানিশ আজিজ। তার বিদায়ে খানিকটা চাপে পড়ে আবাহনী। কিন্তু আবাহনীর হয়ে সেই চাপ সামাল দেন নাইম ও আফিফ। নাইম ৮৫ বলে ৭৬ রান করে আউট হলেও ৮০ রানে অপরাজিত থেকে আবাহনীর জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন আফিফ। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখলো মোসাদ্দেক হোসেন সৈকতের দল। ম্যাচ সেরা হয়েছেন আফিফ হোসেন।

 

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »