ঢাকা টেস্টে সহজ জয় টাইগারদের

দুর্জয় দাশ গুপ্ত »

ঢাকা টেস্টে সফরকারী আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতলো বাংলাদেশ। আইরিশদের দেয়া ১৩৮ রানের টার্গেট সহজেই টপকে যায় সাকিব আল হাসানের দল।

আইরিশদের দেয়া ১৩৮ রানের লক্ষ্যে চতুর্থ দিনের প্রথম সেশনে ব্যাট করতে নামে বাংলাদেশ। এদিন ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী ছিলেন লিটন দাস। আইরিশ বোলারদের উপর শুরু থেকেই চড়াও হতে থাকেন লিটন। কিন্তু দশ উইকেটে ম্যাচ জয়ের বড় সুযোগ থাকলেও সেটা আর হয়নি। দলীয় ৩২ রানে ২৩ রান করে আউট হন লিটন। লিটনের বিদায়ের পরে ৩ নম্বরে ব্যাট করে আসা শান্ত প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন। মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। ৩য় উইকেট জুটিতে তামিম ও মুশফিক মিলে গড়েন ৬২ রানের পার্টনারশিপ। দলীয় ১০৫ রানে ৩১ রান করে তামিম আউট হলেও বাকি কাজটুকু অনায়াসেই সেড়ে ফেলেন মুশফিক ও মুমিনুল। ওয়ানডে মেজাজে খেলা মুশফিক ৪৮ বল খেলে ৫১ রানে অপরাজিত থাকেন। আর মুমিনুলের ব্যাট থেকে আসে ২০ রান।

এর আগে আগের দিনের ৮ উইকেটে ২৮৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে আয়ারল্যান্ড। তবে আজ আর সুবিধা করতে পারেনি আইরিশ লোয়ার অর্ডার। স্কোর বোর্ডে মাত্র ৬ রান যোগ করতেই শেষ দুই উইকেট হারায় বালবার্নির দল। ৭১ রানে অপরাজিত থেকে দিন শুরু করা ম্যাকব্রেইন ৭২ রানে আউট হন। বাংলাদেশের হয়ে ৯০ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। ৩৭ রান খরচায় ইবাদতের শিকার ৩ উইকেট। সাকিব আল হাসান ও শরিফুল ১ টি করে উইকেট নেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »