দুর্জয় দাশ গুপ্ত »
ঢাকা টেস্টে বাংলাদেশকে ১৩৮ রানের টার্গেট দিয়েছে সফরকারী আয়ারল্যান্ড। মিরপুরে চতুর্থ দিনের প্রথম সেশনেই নিজেদের ২য় ইনিংসে ২৯২ রানে অলআউট হয় আইরিশরা। ফলে বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৩৮ রান।
আগের দিনের ৮ উইকেটে ২৮৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে আয়ারল্যান্ড। তবে আজ আর সুবিধা করতে পারেনি আইরিশ লোয়ার অর্ডার। স্কোর বোর্ডে মাত্র ৬ রান যোগ করতেই শেষ দুই উইকেট হারায় বালবার্নির দল। ৭১ রানে অপরাজিত থেকে দিন শুরু করা ম্যাকব্রেইন ৭২ রানে আউট হন। বাংলাদেশের হয়ে ৯০ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। ৩৭ রান খরচায় ইবাদতের শিকার ৩ উইকেট। সাকিব আল হাসান ও শরিফুল ১ টি করে উইকেট নেন।
১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আগ্রাসী শুরু বাংলাদেশের। ২য় ইনিংসে তামিম ইকবালের ওপেনিং পার্টনার হিসেবে নেমেছেন লিটন দাস। দুজনই ব্যাট করছেন ওয়ানডে মেজাজে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ কোন উইকেট না হারিয়ে ২৭ রান। লিটন ১৯ ও তামিম ৮ রান করে ক্রিজে আছেন।
