দুর্জয় দাশ গুপ্ত »
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নিক পোথাসকে। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিক পোথাসের সাথে দুই বছরের চুক্তি করেছে বোর্ড।
বিসিবির এক বিবৃতি থেকে জানা যায় আগামী মাসের আয়ারল্যান্ড সিরিজের আগেই দলের সাথে যোগ দেবেন নিক। বিসিবির একটি সূত্র জানায়, ‘সাবেক দক্ষিণ আফ্রিকার ব্যাটার নিক পোথাস বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। ৪৯ বছর বয়সী পোথাসের সঙ্গে আগামী দুই বছরের চুক্তি করেছে বিসিবি। আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।’
কোচ হিসেবে পোথাসের অভিজ্ঞতার ঝুলিটা বেশ সমৃদ্ধ। ২০১৮-২০১৯ সালে তিনি ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হেড কোচ হিসেবে ছিলেন। তারও আগে নিক ওয়েস্ট ইন্ডিজের সহকারী কোচ ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও নিক শ্রীলঙ্কা দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন। কাউন্টি ক্রিকেটেও নিক কোচের ভূমিকায় ছিলেন। ইংলিশ কাউন্টির দল হ্যাম্পশায়ারের উইকেট কিপিং কোচের দায়িত্বও পালন করেছেন তিনি।
