দুর্জয় দাশ গুপ্ত »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে পাওয়া চোটের কারণে বিশ্বকাপে কেন উইলিয়ামসনের খেলা নিয়েই শঙ্কা দেখা দিয়েছে। তবে দ্রুত মাঠে ফিরতে মরিয়া উইলিয়ামসন।
ইনজুরির কারণে আইপিএলে আর খেলতে পারবেন না বলে উইলিয়ামসনকে নিউজিল্যান্ডে ফেরত পাঠানো হয়েছে। নিউজিল্যান্ডে ফিরে তাকে আবারো স্ক্যান করানো হয়েছে। আর সেখান থেকেই জানা যায় এসিএল চোট পেয়েছেন তিনি। এমন চোট থেকে সেরে উঠতে বেশ খানিকটা সময়ের প্রয়োজন হয়। পুরোপুরি থাকতে হয় বিশ্রামে। ব্যাট, বলের স্পর্শ ছাড়াই থাকতে হবে উইলিয়ামসনকে। তবে আশার কথা হলো তার পায়ের ফোলা কিছুটা কমে এসেছে। শীঘ্রই অস্ত্রোপচার করানো হবে তার। এরপরেই জানা যাবে ঠিক কতদিন সময় লাগবে তাকে মাঠে ফিরে আসতে।
তবে উইলিয়ামসনের অস্ত্রোপচারের পরে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন হতে হতে এ বছরের ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। আর এজন্যই তার বিশ্বকাপে খেলা নিয়ে প্রশ্ন উঠেছে। উইলিয়ামসনের ইনজুরিতে হতাশ কিউই কোচ গ্যারি স্টেড। তিনি বলেন, ‘উইলিয়ামসন শুধু যে একজন ক্রিকেটার এমন নয়, তিনি আমাদের নেতা। আমাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। আমরা আশা করেছিলাম ও হয়তো দ্রুতই সেরে উঠবে। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে আমি হতাশ হয়েছি।’
আইপিএলের উদ্বোধনী দিনেই গুজরাট টাইটান্সের হয়ে ফিল্ডিং করতে গিয়ে চোট পান উইলিয়ামসন। চোটটা এতটাই গুরুতর ছিলো যে ঐ ম্যাচে আর ব্যাট করতে পারেননি তিনি। পরে আইপিএল থেকে ছিটকে যাওয়ায় দেশে ফিরতে আসতে হয় কিউই অধিনায়ককে।
