দুর্জয় দাশ গুপ্ত »
তবে কি ৩য় দিনেই ঢাকা টেস্ট জয় করবে বাংলাদেশ? হয়তো এমনটাই হতে যাচ্ছে। ২য় দিন শেষে আইরিশরা পিছিয়ে আছে ১২৮ রানে, হাতে আছে ৬ উইকেট। ২য় দিনের শেষ বিকেলে বল হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশ কাপ্তান সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। ২য় ইনিংসে মাত্র ২৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড।
১ম ইনিংসে আইরিশদের করা ২১৪ রানের জবাবে বাংলাদেশ ১ম ইনিংসে করে ৩৬৯ রান। লিড পায় ১৫৫ রানের। সাকিব আল হাসান সেঞ্চুরি মিস করলেও ১২৬ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। এছাড়া মেহেদী হাসানের ব্যাট থেকে এসেছে ৫৫ রান।
এর আগে ২য় দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আগের দিনের ২ উইকেটে ৩৪ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ ৪০ রানের মাথায় হারায় মুমিনুল হকের উইকেট। তবে দিনের বাকি অংশটায় ছিলো কেবল বাংলাদেশের আধিপত্য। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ১৫৯ রানের পার্টনারশিপে ৩৬৯ রানের বড় স্কোর পায় বাংলাদেশ। ওয়ানডে মেজাজে খেলা সাকিব হয়তো আর কিছুক্ষণ উইকেটে থাকলেই ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট শতকের দেখা পেতেন। সাকিব ফিরেছেন ৮৭ রান করে।
আগামীকাল ঢাকা টেস্টের ৩য় দিনের খেলা শুরু হবে সকাল দশটায়।
