দুর্জয় দাশ গুপ্ত »
ঢাকা টেস্টে ব্যাট হাতে আলো ছড়াতে শুরু করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ২য় দিনের শুরুতেই মুমিনুল হকের উইকেট হারিয়ে খানিকটা বিপাকে পড়ে টিম টাইগার্স। তবে এর পরেই আইরিশ বোলারদের উপর চড়াও হতে শুরু করেন এ দুজন। ওয়ানডে মেজাজে ব্যাট করতে থাকা সাকিব একের পর এক বাউন্ডারি হাঁকাচ্ছেন। নিজের অর্ধশত পূর্ণ করে এখন সেঞ্চুরির দিকে এগোচ্ছেন সাকিব। অন্যদিকে সাকিবকে বেশ ভালো ভাবেই সঙ্গ দিচ্ছেন অভিজ্ঞ মুশি। তিনিও আছেন ব্যক্তিগত অর্ধশতের খুব কাছে। দুজন গড়েছেন শতরানের পার্টনারশিপ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটের বিনিময়ে ১৬৭ রান। সাকিব ৭২ ও মুশফিক ৪৬ রান করে ক্রিজে আছেন।
এর আগে সফরকারী আইরিশদের মাত্র ২১৪ রানে অলআউট করে বাংলাদেশ। তাইজুল, মিরাজদের দারুণ বোলিংয়ে অল্প রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। তাইজুলের কাজটা সহজ করে দিয়েছিলেন শরিফুল আর ইবাদত। দিনের শুরুতেই দলীয় ১১ রানের মাথায় শরিফুলের বলে আউট হয়ে সাজঘরের পথে ধরের আইরিশ ওপেনার কমিন্স। তার ঠিক কয়েক ওভার পরেই বোলিংয়ে আসেন ইবাদত। নিজের করা ২য় ওভারে আরেক আইরিশ ওপেনার জেমসকে ফেরার তিনি। দলীয় ৪৮ রানে আইরিশ কাপ্তান বালবার্নি তাইজুলের প্রথম শিকারে পরিণত হন।
৪র্থ উইকেট জুটিতে বেশ ভালোই এগোচ্ছিলো আয়ারল্যান্ড। ট্যাক্টর আর ক্যাম্পারের ৭২ রান পার্টনারশিপ ভাঙ্গে দলীয় ১২২ রানে। মেহেদী মিরাজের বলে ৫০ রান করে আউট হন ট্যাক্টর। এরপরই আরো ভয়ংকর রূপ ধারণ করেন তাইজুল। তার বোলিংয়ে রীতিমত হিমশিম খেতে হয় আইরিশ ব্যাটারদের। তাইজুল পরে একে একে নিয়েছেন আরো চার আইরিশ ব্যাটারের উইকেট। দলীয় ২১৪ রানে মেহেদী মিরাজ নিজের ২য় শিকারে হোমিকে প্যাভিলিয়নে ফেরালে অলআউট হয় আয়ারল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোরঃ আয়ারল্যান্ড ২১৪/১০ (৭৭.২)
ট্যাক্টর ৫০, ক্যাম্পার ৩৪, টুকার ৩৭ ;
তাইজুল ৫/৫৮, মিরাজ ২/৪৩, ইবাদত ২/৫৩।
