২য় দিনের শুরুতেই মুমিনুলের উইকেট হারালো বাংলাদেশ

দুর্জয় দাশ গুপ্ত »

ঢাকা টেস্টে ২য় দিনের শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। ৩৪ রানে ২ উইকেট নিয়ে ২য় দিনের খেলা শুরু করলে উইকেটে বেশি সময় থাকতে পারেন নি মুমিনুল। দলীয় ৪০ রানে ব্যক্তিগত ১৭ রান করে মার্ক আদাইয়ের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়েন তিনি।

এর আগে সফরকারী আইরিশদের মাত্র ২১৪ রানে অলআউট করে বাংলাদেশ। তাইজুল, মিরাজদের দারুণ বোলিংয়ে অল্প রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। তাইজুলের কাজটা সহজ করে দিয়েছিলেন শরিফুল আর ইবাদত। দিনের শুরুতেই দলীয় ১১ রানের মাথায় শরিফুলের বলে আউট হয়ে সাজঘরের পথে ধরের আইরিশ ওপেনার কমিন্স। তার ঠিক কয়েক ওভার পরেই বোলিংয়ে আসেন ইবাদত। নিজের করা ২য় ওভারে আরেক আইরিশ ওপেনার জেমসকে ফেরার তিনি। দলীয় ৪৮ রানে আইরিশ কাপ্তান বালবার্নি তাইজুলের প্রথম শিকারে পরিণত হন।

৪র্থ উইকেট জুটিতে বেশ ভালোই এগোচ্ছিলো আয়ারল্যান্ড। ট্যাক্টর আর ক্যাম্পারের ৭২ রান পার্টনারশিপ ভাঙ্গে দলীয় ১২২ রানে। মেহেদী মিরাজের বলে ৫০ রান করে আউট হন ট্যাক্টর। এরপরই আরো ভয়ংকর রূপ ধারণ করেন তাইজুল। তার বোলিংয়ে রীতিমত হিমশিম খেতে হয় আইরিশ ব্যাটারদের। তাইজুল পরে একে একে নিয়েছেন আরো চার আইরিশ ব্যাটারের উইকেট। দলীয় ২১৪ রানে মেহেদী মিরাজ নিজের ২য় শিকারে হোমিকে প্যাভিলিয়নে ফেরালে অলআউট হয় আয়ারল্যান্ড।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৫৯ রান। মুশফিকুর রহিম ৪ ও সাকিব আল হাসান ১২ রান নিয়ে ক্রিজে আছেন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »