দুর্জয় দাশ গুপ্ত »
ঢাকা টেস্টের প্রথম দিনটায় আধিপত্য দেখানোর সুযোগ থাকলেও শেষটা ভালো হয়নি টিম টাইগার্সের। দুই ওপেনারের ব্যর্থতায় খানিকটা ব্যাকফুটেই রয়েছে বাংলাদেশ। সফরকারীদের ২১৪ রানে অলআউট করে দিনটা নিজেদেরই করে নিয়েছিলো সাকিব আল হাসানের দল। কিন্তু দিনের শেষের দিকে দুই ওপেনারের উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ।
বাংলাদেশ ইনিংসের প্রথম ওভারের ৫ নম্বর বলে আউট হয়ে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। শান্ত এদিন রানের খাতাই খুলতে পারেননি। নিজের খেলা প্রথম বলেই হয়েছেন বোল্ড। শান্ত’র বিদায়ের পর কিছুটা দেখেশুনে খেলতে শুরু করেন তামিম ও মুমিনুল। কিন্তু ঢাকা টেস্টের প্রথম দিনের একদম শেষ বলে আউট হন তামিম। আউট হওয়ার আগে তামিমের ব্যাট থেকে এসেছে ২১ রান। মুমিনুল হক অপরাজিত আছেন ১২ রানে। আইরিশদের ২১৪ রানের জবাবে ১ম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৪ রান।
এর আগে তাইজুল, মিরাজদের বোলিং তোপে ২১৪ রানে গুটিয়ে যায় সফরকারী আয়ারল্যান্ড। ৫৮ রান খরচায় ৫ উইকেট শিকার করেন তাইজুল। আর মিরাজ ও ইবাদত নিয়েছেন দুটি করে উইকেট।

সিরিজের একমাত্র টেস্টের ২য় দিনের খেলা আগামীকাল মিরপুরে সকাল দশটায় শুরু হবে।
