দুর্জয় দাশ গুপ্ত »
ঢাকা টেস্টের প্রথম দিনে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রণ বোলিংয়ে মাত্র ২১৪ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড। তাইজুল, মিরাজ ও ইবাদতের বোলিংয়ের সামনে রীতিমত দিশেহারা হতে হয় আইরিশ ব্যাটারদের। ৫৮ রান খরচায় ৫ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। মিরাজ ও ইবাদত নেন দুটি করে উইকেট।
তাইজুলের কাজটা সহজ করে দিয়েছিলেন শরিফুল আর ইবাদত। দিনের শুরুতেই দলীয় ১১ রানের মাথায় শরিফুলের বলে আউট হয়ে সাজঘরের পথে ধরের আইরিশ ওপেনার কমিন্স। তার ঠিক কয়েক ওভার পরেই বোলিংয়ে আসেন ইবাদত। নিজের করা ২য় ওভারে আরেক আইরিশ ওপেনার জেমসকে ফেরার তিনি। দলীয় ৪৮ রানে আইরিশ কাপ্তান বালবার্নি তাইজুলের প্রথম শিকারে পরিণত হন।
৪র্থ উইকেট জুটিতে বেশ ভালোই এগোচ্ছিলো আয়ারল্যান্ড। ট্যাক্টর আর ক্যাম্পারের ৭২ রান পার্টনারশিপ ভাঙ্গে দলীয় ১২২ রানে। মেহেদী মিরাজের বলে ৫০ রান করে আউট হন ট্যাক্টর। এরপরই আরো ভয়ংকর রূপ ধারণ করেন তাইজুল। তার বোলিংয়ে রীতিমত হিমশিম খেতে হয় আইরিশ ব্যাটারদের। তাইজুল পরে একে একে নিয়েছেন আরো চার আইরিশ ব্যাটারের উইকেট। দলীয় ২১৪ রানে মেহেদী মিরাজ নিজের ২য় শিকারে হোমিকে প্যাভিলিয়নে ফেরালে অলআউট হয় আয়ারল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোরঃ আয়ারল্যান্ড ২১৪/১০ (৭৭.২)
ট্যাক্টর ৫০, ক্যাম্পার ৩৪, টুকার ৩৭ ;
তাইজুল ৫/৫৮, মিরাজ ২/৪৩, ইবাদত ২/৫৩।
