নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে গতকাল রাতের ম্যাচে মুখোমুখি হয় আইপিএলের ইতিহাসের সবচেয়ে সফল দল রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স ও ফাফ ডু প্লেসি’র রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চিন্নাস্বামী স্টেডিয়ামে রোহিতদের ৮ উইকেটে হারিয়েছে কোহলিরা।
মুম্বাই ইন্ডিয়ান্স সবসময়ই তারকাবহুল দল তৈরি করে। এবারের আসরের দলটাও অন্য যেকোনো দলের চেয়ে অনেক তারকাসমৃদ্ধ। কিন্তু সিরাজ, কার্ন শর্মাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রয়েলদের কাছে পাত্তাই পায়নি রোহিতের দল।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ইশান কিসানের উইকেট হারিয়ে ব্যাটফুটে চলে যায় মুম্বাই। তিন নম্বরে ব্যাট করতে নামা অজি অলরাউন্ডার ক্যামেরুন গ্রীনও চার রান করে সাজঘরে ফেরেন। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন রোহিতও। ১০ বল খেলে মাত্র ১ রান করে তাকেও সাজঘরে ফিরে আসতে হয়। সূর্যকুমার যাদব আর তিলক বার্মার পার্টনারশিপে কিছুটা স্বস্তি পেয়েছিলো মুম্বাই। কিন্তু ইনিংস বড় করতে ব্যর্থ হোন যাদবও। ১৬ বল থেকে ১৫ রান করে ব্রেসওয়েলের বলে আউট হোন তিনি। তবে সবকিছু ছাপিয়ে হিরো হতে পারতেন মুম্বাইয়ের তরুণ তুর্কী তিলক বার্মা। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে কেবল তিনিই ছিলেন ব্যতিক্রম। তার অপরাজিত ৪৬ বলে ৮৪ রানের ইনিংসের উপর ভর করে ১৭১ রানের পু্ঁজি পায় মুম্বাই।
জবাবে তিন বছর পর ঘরের মাঠে খেলতে নেমে ১৭১ রানের লক্ষ্যমাত্রাকেও মামুলি বানিয়ে দিয়েছেন বিরাট কোহলি ও অধিনায়ক ফাফ ডু প্লেসি। আর্চার, চাওলাদের উপর চড়াও হয়েছেন দুজনই। মাত্র ১৪.৫ ওভারে তাদের ওপেনিং পার্টনারশিপ থেকে আসে ১৪৮ রান। ডু প্লেসি ৪৩ বলে ৭৩ রান করে ফিসে গেলেও জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন কোহলি। তিনি অপরাজিত থাকেন ৪৯ বলে ৮২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে।
