আইপিএল শেষ উইলিয়ামসনের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের সিজন থেকে ছিটকে গেলেন কেন উইলিয়ামসন। আইপিএলের উদ্বোধনী ম্যাচে গুজরাট টাইটান্সের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু ব্যাট করতে পারেননি চোটের জন্য।

ইনিংসের ১৩তম ওভারের ঘটনা। চেন্নাই ওপেনার ঋতুরাজ গাইকোয়াদের মারা একটি শট ছক্কা থেকে বাঁচাতে গিয়ে আঘাতপ্রাপ্ত হোন উইলিয়ামসন। ফলে পুরো আইপিএল এখন মাঠের বাইরে বসে উপভোগ করতে হবে তাকে। ছয় বাঁচাতে লাফ দিতে গিয়ে ৫০ ভাগ সফল হয়েছেন কেন। কারণ দলের জন্য তিনি এই লাফে চারটি রান বাঁচাতে পেরেছেন।

আইপিএলের আগের আসরগুলোতে উইলিয়ামসনকে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলতে দেখা গেলেও এবছর তাকে আর দলে নেয়নি। ফলে নিলাম থেকে উইলিয়ামসনকে দলে ভেড়ায় বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। আইপিএলের এই সিজনের প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়েছে তারা।

গুজরাট টাইটান্সের পরিচালক বিক্রম সোলাঙ্কি জানান, এই আসরের জন্য উইলিয়ামসনকে আর দলে পাওয়া যাবে না। চোট গুরুতর হওয়ায় তাকে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে। ফলে গুজরাটের জার্সিতে এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসরে দেখা যাবে না তাকে।

এদিকে উইলিয়ামসনের চোটের দিনে জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি হার্দিক পান্ডিয়ার দলকে। চেন্নাইয়ের দেয়া ১৭৯ রানের লক্ষ্যমাত্রা খুব সহজেই স্পর্শ করে তারা। ব্যাট আর বলে দারুণ পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন রাশিদ খান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »