নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অকল্যান্ডে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সুপার ওভারে স্বাগতিক নিউজিল্যান্ডকে হারিয়েছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ১৯৬ রান সংগ্রহ করে।জবাবে ড্যারিল মিচেলের হাফ সেঞ্চুরি এবং লোয়ার মিডল অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় সেই লক্ষ্য ছুঁতে না পারলেও ম্যাচ ‘টাই’ করে কিউইরা। পরে ম্যাচের ফলাফল নির্ধারণ করা হয় সুপার ওভারে।
এর আগে টসে জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠান কিউই ক্যাপ্তান টম লাথাম। ইনিংসের প্রথম বলেই পাথুম নিশাঙ্কার উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। কিন্তু এর পরেই দ্রুত রান তু্লতে শুরু করেন লঙ্কান ব্যাটাররা। ৯ বলে ২৫ রান করে কুশল মেন্ডিস আউট হলে দলের হাল ধরেন চারিথ আসালাঙ্কা। কুশল পেরেরা আর আসালাঙ্কার জোড়া ফিফটিতে দুইশ ছুঁই ছুঁই পুঁজি পায় সফরকারী দল।
১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দুই ওপেনারের ব্যর্থতার দিনে শুরুতেই ব্যাকফুটে কিউইরা। পরে দলের হাল ধরেন ড্যারিল মিচেল। মিচেলের ফিফটির পাশাপাশি অধিনায়ক লাথামের ব্যাট থেকে আসে ১৬ বলে ২৭ রান। শেষ ওভারে কিউইদের জয়ের জন্য প্রয়োজন ছিলো ১৩ রানের। কিন্তু শেষ ওভারে দুই উইকেট হারিয়ে শেষ বলের সমীকরণ গিয়ে দাঁড়ায় ১ বলে ৭ রান। ইশ সোধি শানাকার শেষ বলে ছক্কা হাঁকালে ম্যাচ টাই হয়।
পরে সুপার ওভারের মাত্র লঙ্কানদের মাত্র ৯ রানের টার্গেট দেয় স্বাগতিকরা। জবাবে মাত্র ২ বলেই ১২ রান করে ম্যাচ জিতে শ্রীলঙ্কা।
