নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আজই পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬ তম আসরের। এবারের আসরে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
এবারের আইপিএলে ১০টি ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে। গতবারের মতো এবারও দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস। অন্যদিকে ‘বি’ গ্রুপে আছে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ।
এবারের আইপিএল খেলা হবে মোট ১২টি মাঠে। অর্থাৎ প্রতি দলের হোম ভেন্যু ছাড়াও থাকছে দুটি মাঠ। এই ১২টি মাঠ হলো- আহমেদাবাদ, মোহালি, লখনৌ, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, জয়পুর, মুম্বাই, গুয়াহাটি ও ধর্মশালা।
বিশ্বের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কলকাতার হয়ে খেলবেন অধিনায়ক সাকিব আল হাসান ও উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। মোস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। আসরের দ্বিতীয় দিন ১ এপ্রিল থেকে এবার আসরের আইপিএল অভিযান শুরু করবে কলকাতা। নিজেদের প্রথম ম্যাচে মোহালিতে পাঞ্জাব কিংস বিপক্ষে মাঠে নামবে কলকাতা।
এদিকে আজ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন দক্ষিণ ভারতের দুই জনপ্রিয় সিনেতারকা রাশমিকা মান্দানা ও তামান্না ভাটিয়া। স্টার স্পোর্টস সরাসরি আইপিএলের সব ম্যাচ দেখাবে।
এস.আর/নিউজক্রিকেট২৪
