আফগানিস্তানকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

প্রথম দুই ম্যাচে টানা হারের পর তৃতীয় ম্যাচে ছন্দে ফেরার পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফাইনালে আফগানিস্তানকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। দলের জয়ে বল হাতে দারুণ ভূমিকা রেখেছেন স্পিনার মাহফুজুর রহমান।

আজ বৃহস্পতিবার আবু ধাবির টলেরেন্স ওভালে সিরিজের ফাইনালে আফগানিস্তানকে ৩৭ ওভারে ১৪৩ রানে গুটিয়ে দিয়ে ২৩.২ ওভারেই জিতে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে যায় বাংলাদেশ। তবে এরপর টানা তিন জয়ে চ্যাম্পিয়ন হলো। সিরিজে অপর দল ছিল শ্রীলঙ্কা।

আজকে বাঁহাতি স্পিনে আফগানিস্তানের ব্যাটারদের কাবু করেছেন মাহফুজুর রহমান রাব্বী। ১০ ওভার বল করে ১ মেডেনসহ ২৯ রান দিয়ে একাই ৬ উইকেট শিকার করেন এ পেসার।টুর্নামেন্টে সব মিলিয়ে ১০ উইকেট নিয়েছেন ১৭ বছর বয়সী এই বাঁহাতি। আরেক বাঁহাতি রাফিউজ্জামান ৩৩ রানে ২ উইকেট শিকার করেছেন।

আফগানদের ইনিংসের প্রায় অর্ধেক রান করেছেন মোহাম্মদ হারুন খান। ৬২ বলে ৭ চারে ৬৫ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন ওপেনার ওয়াফিউল্লাহ তারাখিল।

লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা তেমন ভালো হয়নি। চতুর্থ ওভারেই ওপেনার আশিকুজ্জামানকে হারায় দলটি। তিন চারে ১৩ বলে ১৭ রান করেন ডানহাতি এ উইকেটকিপার-ব্যাটার। তিন নম্বরে নামা জিশান আলমও দারুণ খেলে ৭ বাউন্ডারিতে করেন ১৯ বলে ৩৫ রান। তৃতীয় উইকেট জুটিতে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও আরিফুল ইসলাম মিলে ৫৩ রান যোগ করলে সহজ জয়ের দিকে এগিয়ে যায় বাংলাদেশ।

এক পর্যায়ে দুজনই আউট হলেও জয় এসেছে সহজেই। রিজওয়ান সর্বোচ্চ ৪৩ রান করেছেন ৪৯ বলে। আরিফুল ২২ বলে ৩৩ রান করেন। ম্যাচসেরা হয়েছেন মাহফুজুর রহমান।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »