ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে খেলবে পাকিস্তান!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ওয়ানডে বিশ্বকাপ শুরু এবং ফাইনালের সম্ভাব্য দিন ঘোষণা করছে আইসিসি। এর আগে পাকিস্তানের মাটিতে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপ হবে। তবে মহাদেশীয় টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে যেতে চায় না ভারত। পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার হুমকি দিয়ে রেখেছে। এতে বিকল্প উপায়ে সমাধান খোঁজছে দুই বোর্ড।

গত সপ্তাহে দুবাইয়ে আইসিসির বোর্ড সভায় বিসিসিআই ও পিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় বসেন। সেখানে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের যাওয়া না যাওয়ার ইস্যু নিয়ে বৈঠক হয়। প্রাথমিকভাবে ভারত তাদের এশিয়া কাপের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এমনকি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচও অন্যদেশের ভেন্যুতে খেলবে ভারত।

এবার ঠিক তেমনিভাবে দাবি করেছে পাকিস্তানও। ভারত যদি পাকিস্তানে খেলতে না যায়, তবে পাকিস্তানও ভারতের মাটিতে বিশ্বকাপে খেলবে না। এতে বিকল্প হিসেবে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো বাংলাদেশে আয়োজন করা যেতে পারে। এ নিয়ে আইসিসির উচ্চ পর্যায়েও আলোচনা চলছে। ক্রিকইনফো এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

চলতি বছর অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। এর আগে সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু বাংলাদেশে হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল এরই মধ্যে সম্মতি দিয়েছে যে, এশিয়া কাপে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হতে পারে। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত, ওমান, শ্রীলঙ্কা এমনকি ইংল্যান্ডের নামও আসছে ভেন্যু হিসেবে। ভারত-পাকিস্তান ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হবে, ফাইনালে ভারত গেলে সেই ম্যাচটাও পাকিস্তানের বদলে হবে নিরপেক্ষ ভেন্যুতে।

যেহেতু এশিয়া কাপে এমন প্রস্তাবনা এসেছে, তাই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চায় বিশ্বকাপেও ভারতে তাদের ম্যাচগুলো না হোক। যদি ভারত শেষ পর্যন্ত এশিয়া কাপ খেলতে পাকিস্তান না যায়, তবে পাকিস্তানও তাদের বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশে খেলতে চায়, জানিয়ে দিয়েছে পিসিবি।

এর আগে আইসিসির জেনারেল ম্যানেজার এবং পিসিবির সাবেক প্রধান নির্বাহী ওয়াসিম খাঙ্গো পাকিস্তানের সংবাদমাধ্যমে বলেছেন, ‘আমার মনে হয় না যে ভারতে (ওয়ানডে বিশ্বকাপের) ম্যাচ খেলবে পাকিস্তান। আমার ধারণা, পাকিস্তানের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হবে। যেমনটা এশিয়া কাপে ভারতের ক্ষেত্রে হবে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, পাকিস্তান বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে খেলবে, এ রকম কোনো আলোচনার কথাই তাদের জানা নেই, ‘বিষয়টি সম্পর্কে আমরা একেবারেই অবগত নই। এ নিয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। বিষয়টি কতটা বাস্তবসম্মত, সেটিও ভেবে দেখার আছে।’

দুই দেশের রাজনৈতিক সম্পর্ক দীর্ঘকাল ধরে বৈরী। এতে প্রভাব ক্রিকেট খেলাতেও। সর্বশেষ ২০১২-১৩ মৌসুমে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে দুই দল। এরপর থেকে শুধু আইসিসি ও এশিয়ার টুর্নামেন্টেই একে অপরের বিপক্ষে মাঠে নামে দুই দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »