নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেট ক্যারিয়ারে একের পর এক মাইলফলকে রাজত্ব করছেন সাকিব আল হাসান। অনন্য এক মাইলফলকের দ্বারপ্রান্তে এ তারকা ক্রিকেটার। আয়ারল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের চারটি উইকেট নিতে পারলেই টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে নাম লেখাবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ১৩১টি উইকেট শিকার করেছেন সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক হতে সাকিবের প্রয়োজন আর মাত্র চারটি উইকেট।
সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার (২৯ মার্চ) টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় এবং শুক্রবার (৩১ মার্চ) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ। এতে চলতি সিরিজের চারটি উইকেট নিতে পারলেই সাকিব টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে নাম লেখাবেন।
ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে ১০৭ ম্যাচে ১০৫ ইনিংস খেলে ১৩৪ উইকেট শিকার করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। ৮০ ম্যাচে ১২৯ উইকেট নিয়ে তালিকার তিনে আছেন আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান।
ক্রিকেটের সব স্তরেই সফলতার স্বাক্ষর রেখে যাচ্ছেন সাকিব।পুরো ক্যারিয়ারে অসংখ্য মাইলফলকে পা রেখেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার, যিনি টি-টোয়েন্টিতে সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকায় তিনে জায়গা করে নিয়েছেন সাকিব।
আইসিসির দেওয়া টি-টোয়েন্টির সর্বকালের সেরাদের তালিকায় শীর্ষে আছেন শেন ওয়াটসন। এই অজি ক্রিকেটার ৫৫৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন। দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানি অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। এই পাকিস্তানির রেটিং পয়েন্ট ৪১২। তালিকার তিন নম্বরে জায়গা সাকিবের। এই টাইগার অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৪০৮।
বিশ্বে প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন সাকিব। ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে সাত হাজারি ক্লাবে পৌঁছান এই ক্রিকেট সেনসেশন।
অন্যদিকে, টি-টোয়েন্টিতে এক ইনিংসে চার উইকেট শিকারিদের তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন সাকিব। এখন পর্যন্ত ৬ ম্যাচে চার উইকেট নিয়েছেন লাল-সবুজের এই পোস্টারয়। এই তালিকায় সাকিবের সাথে আরও রয়েছেন ভারতের ধ্রুবকুমার মাইসুরিয়া, পাকিস্তানের উমর গুল এবং আফগানিস্তানের রশিদ খান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ১১৩ ম্যাচে দুই হাজার ৩০১ রান করেছেন সাকিব। এছাড়াবিশ্বজুড়ে ৪০১টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন তিনি। যেখানে ৬ হাজার ৭৩৫ রান এবং ৪৪৬ উইকেট শিকার করেছেন টাইগার এই ক্রিকেটার।
এস.আর/নিউজক্রিকেট২৪
