তাসকিনের বিপক্ষে খেলা কঠিন: স্টার্লিং

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশে। বৃষ্টি আইনে আয়ারল্যান্ডকে ২২ রানে হারিয়েছে সাকিব আল হাসানের দল। দলের জয়ে দারুণ ভূমিকা রেখেছেন তারকা পেসার তাসকিন আহমেদ। ম্যাচ শেষে তাসকিনের প্রশংসা করেছেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং।

সোমবার (২৭ মার্চ) সাগরিকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২টায় আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নামে টাইগাররা।

পাওয়ার প্লেতে লিটন দাস ও রনি তালুকদারের রেকর্ড জুটিতে দুইশ রানের উপর সংগ্রহ পায় বাংলাদেশ। তবে বৃষ্টির বাগড়ায় আইরিশদের লক্ষ্য কমে দাঁড়ায় ৮ ওভারে ১০৪ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে তানকিস আহমেদের দাপুটে বোলিংয়ে ৫ উইকেটে ৮১ রানে থামে দলটি। এতে আইরিশদের ২২ রানে হারিয়েছে টাইগাররা।

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। মাত্র ১৬ রান খরচ করে ৪ উইকেট শিকার করেছেন এ তারকা পেসার। এর মধ্যে ১ ওভারেই ৩ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসারই। ম্যাচ শেষে আইরিশ অধিনায়ক পল স্টার্লিংও তাসকিনের প্রশংসা করেছেন।

স্টার্লিং বলেন, ‘আমি অনেকদিন ধরে তাসকিনকে দেখছি। আমি প্রতিবারই তাসকিনকে যখন দেখেছি সে অনেক অনেক উন্নতি করেছে। তার গতি বেড়েছে। তার আগ্রাসী মনোভাব বেড়েছে। তার বিপক্ষে খেলা সত্যিই কঠিন।’

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »