নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের কারণে এবারের আইপিএলে খেলার জন্য বাংলাদেশের তারকা সাকিব আল হাসান ও লিটন দাসকে অনাপত্তিপত্র (এনওসি) দিতে রাজি হয়নি বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। এতে ভারতীয় গণমাধ্যমেগুলোতে চলছে আলোচনা ও সমালোচনার ঝড়। আইপিএল খেলার প্রসঙ্গে বাংলাদেশের কোচ চান্দিকা হাথুরুসিংহে সাফ জানিয়ে দিলেন, দেশের হয়ে খেলাই বেশি গুরুত্বপূর্ণ।
ভারতীয় ফ্র্যাঞ্চাইজি আসর আইপিএলে অনেক আগে থেকেই খেলছেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। গত কয়েক আসর ধরে টুর্নামেন্টটিতে খেলেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানও। তবে এবারই প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন ওপেনার লিটন দাস।
এর আগে আইপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে বিসিবি বরাবর আবেদন করেন সাকিব-লিটনরা। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট রেখে তাদের আইপিএল খেলতে যেতে দিতে নারাজ বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। আইরিশদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষে এই কথা জানান তিনি।
আইপিএলের নতুন মৌসুম শুরু ৩১ মার্চ। সাকিব-লিটনকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পুরোনো ঠিকানা দিল্লি ক্যাপিট্যালস ধরে রেখেছে মোস্তাফিজকে। ৮ এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ করেই আইপিএলে যেতে হবে সাকিব ও লিটনকে। বিসিবির লাল বলের চুক্তিতে না থাকায় মোস্তাফিজকে শুরু থেকেই পাচ্ছে দিল্লী। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনেও এ বিষয়ে কথা ওঠে।
প্রধান কোচের কাছে জানতে চাওয়া হয়, বোর্ডের সিদ্ধান্তে তার কোনো ভূমিকা ছিল কি না। উত্তরে কোচ বলেন, ‘আমার মনে হয় বোর্ডের সিদ্ধান্ত হচ্ছে আগে তুমি তোমার দেশের জন্য খেলো। এটা তাদের নিলামে নাম দেওয়া বা এনওসি চাওয়ার আগেই জানানো হয়েছে। সেটা একইরকম আছে এখনও।’
আইপিএল এখন বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। সব বড় বড় ক্রিকেটাররা অংশ নেন এতে। প্রতিদ্বন্দ্বিতার দিক থেকেও বেশ জমজমাট। আবার চলতি বছরই ভারতে আছে বিশ্বকাপও। এই টুর্নামেন্টে খেললে কি ক্রিকেটাররা উপকৃত হতেন বলে মনে করেন কোচ?
হাথুরুসিংহে এমন প্রশ্নের জবাবে বলেছেন, ‘তাদের স্কিলে উন্নতি হবে এতে তো কোনো সন্দেহ নেই। কারণ আইপিএল অনেক বড় টুর্নামেন্ট। কিন্তু তাদের প্রথম প্রাধান্য হচ্ছে দেশের জন্য খেলা।’
আগামী ৩১ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর।
এস.আর/নিউজক্রিকেট২৪
