নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ম্যাচের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর মাঝেই এবারের আসরে কারা চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, সেই জল্পনা শুরু হয়েছে। ভারতের মাটিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে পাকিস্তান বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।
পাকিস্তানের একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে আসন্ন বিশ্বকাপে পাকদের সম্ভাবনার কথা জানতে চাইলে জবাবে এ কথা বলেন ওয়াসিম আকরাম।
তিনি বলেন, ‘আমি এবার পাকিস্তানের পক্ষে বাজি ধরব। যদিও এবার ভারত এবং পাকিস্তান দু’দলই দারুণ। তবে আমাদের অধিনায়ক (বাবর আজম) গ্রেট ক্রিকেটার এবং বিশ্বের মধ্যে আমাদের অন্যতম সেরা ফাস্ট বোলিং লাইনআপ আছে।’
পাকিস্তানকে চ্যাম্পিয়ন ভাবার কারণও ব্যাখ্যা করে ওয়াসিম আকরাম বলেন, ‘শাহিন আফ্রিদি এই মুহূর্তে ফর্মের তুঙ্গে রয়েছে। ওর নেতৃত্বে পিএসএলে টানা দু’বার শিরোপা জিতেছে লাহোর। হারিস রউফ, নাসিম শাহরাও ভাল করছে এখন। এছাড়া মোহাম্মদ হাসনাইনের কথাও বলতে হয়। বিশ্বকাপে ভারতের পিচগুলো ব্যাটিং সহায়ক হবে। তাই যে দলের বোলিং আক্রমণ শক্তিশালী, সে দলই জিতবে। পাকিস্তানের দুর্দান্ত পেস আক্রমণ যেকোনো দলের জন্যই ত্রাসের কারণ হয়ে উঠতে পারে।’
আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ওয়ানডে বিশ্বকাপ শুরু এবং ফাইনালের সম্ভাব্য দিন ঘোষণা করছে আইসিসি। যা আগামী ৫ অক্টোবর থেকে শুরু হয়ে চলতে পারে ১৯ নভেম্বর পর্যন্ত।
এস.আর/নিউজক্রিকেট২৪
