নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে খেলা হচ্ছে না জনি বেয়ারস্টোর। আসন্ন আইপিএলে পাঞ্জাব পাচ্ছে না ইংল্যান্ডের এ ব্যাটারকে। আইপিএলের পরেই শুরু হবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজ। আইপিএল না খেলে অ্যাশেজের প্রস্তুতি নিতে চান এই তারকা।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গলফ খেলতে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন বেয়ারস্টো। যার ফলে ছিটকে যান বিশ্বকাপ থেকে। বিশ্বকাপের পরও ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি তার। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশে বেয়ারস্টোকে ছাড়াই খেলে গেছে ইংল্যান্ড।
দীর্ঘ পর মাঠে ফিরছেন বেয়ারস্টো। তাই এখনই বেশি খেলার ধকল নিতে চাইছেন না ইংরেজ ব্যাটার। আইপিএলের থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
নিউজিল্যান্ডের পর টেস্ট সিরিজেরর সময়ই ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস বলেছিলেন, তারা এবার অ্যাশেজকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন। পুরো আইপিএল খেলা সম্ভব হবে না। স্টোকস নিজেও গোটা আইপিএল খেলবেন না। প্রতিযোগিতা শেষ হওয়ার বেশ কিছুটা আগেই দেশে ফিরে যাবেন। পর্যাপ্ত বিশ্রাম নিয়ে অ্যাশেজের প্রস্তুতি নেবেন।
জাতীয় দলের সতীর্থদের কাছেও একই আবেদন করেছিলেন বেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাকালামও চান ক্রিকেটাররা অ্যাশেজ খেলুক যথাযথ গুরুত্ব দিয়ে। সম্ভবত সে কারণেই আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বেয়ারস্টো।
এস.আর/নিউজক্রিকেট২৪
