মুশফিকের প্রশংসায় পঞ্চমুখ ক্যাম্পার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুই রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম। প্রথমে নিজের ওয়ানডে ক্যারিয়ারে প্রবেশ করেছেন ৭হাজার রানের এলিট ক্লাবে। এরপর ব্যাট হাতে দারুণ খেলে ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরির দেখা পেয়েছেন এ তারকা ক্রিকেটার। এতে মুশফিকের প্রশংসা করলেন আইরিশদের অলরাউন্ডার কার্টিস ক্যাম্পার।

ক্যাম্পার বলেন, ‘আমার মতে, (মুশফিকের ইনিংস বর্ণনা করার জন্য) সঠিক শব্দটা হবে খুবই ইমপ্যাক্টফুল ইনিংস। সে ক্লাস ক্রিকেটার। সে দেখিয়েছে কেন সে এত দিন ধরে এত ভালো করছে। সে যেভাবে প্রভাব বিস্তার করেছে, উইকেটে গিয়েই স্বাধীনভাবে ব্যাটিং করেছে, কিছু দৃষ্টিনন্দন শট, কিছু উদ্ভাবনী শট খেলেছে- বাংলাদেশের জন্য যা খুব ভালো ছিল।’

আইরিশ অলরাউন্ডার বলেন, ‘সে আমাদের চাপে ফেলে দিয়েছিল। দুই ম্যাচে সে এটি করল। সে অবশ্যই বাংলাদেশের জন্য অনেক বড় ক্রিকেটার। আশা করি, এখান থেকে ঘুরে দাঁড়িয়ে তার স্কিলের সঙ্গে লড়াই করার পথ খুঁজে পাব।’

বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন মুশফিকুর রহিম। সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ৬০ বলে অপরাজিত ১০০ রান করেন মুশফিক। এই ইনিংসের মাধ্যমেই এ রের্কডে পা দেন মুশি।

৬০ বলে সেঞ্চুরি করতে ১৪টি চার ও ২টি ছক্কা হাঁকান মুশফিক। একই দিনে ওয়ানডেতে ৭ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন মুশফিকুর। তামিম ইকবাল ও সাকিবের পর বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ৭ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »