পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের সূচিতে পরিবর্তন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। দুই দলের টি-টোয়েন্টি সিরিজটি একদিন পিছিয়ে গেছে। ওয়ানডে সিরিজের দিনক্ষণেও পরিবর্তন এসেছে। ইতোমধ্যেই নতুন সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার (২০ মার্চ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পিসিবি।

বিবৃতিতে বলা হয়েছে, ৫ ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচই অনুষ্ঠিত হবে। শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজ ১৩ এপ্রিলের পরিবর্তে শুরু হবে ১৪ এপ্রিল।

পরিবর্তিত সূচিতে সিরিজটি শুরুর পর পাঁচটি ২০ ওভারের ম্যাচ হবে ১৪, ১৫, ১৭, ২০ ও ২৪ এপ্রিল। আগের মতোই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২৬ এপ্রিল এবং শেষ ৭ মে। পরিবর্তন এসেছে এই ফরম্যাটের মাঝের তিন ম্যাচের সূচিতে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ওয়ানডে মাঠে গড়াবে যথাক্রমে ৩০ এপ্রিল, ৩ ও ৫ মে।

ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়। তবে আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে ক্রিকেটের বিশ্বকাপের জন্য দুই দলের প্রস্তুতির ভালো মঞ্চ।

এরপরের বছর জুন-জুলাইয়ে ওয়েস্ট-ইন্ডিজ ও আমেরিকার মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যও এই সিরিজকে কাজে লাগাতে চাইবে পাকিস্তান-নিউজিল্যান্ড।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »