দুর্জয় দাশ গুপ্ত, সিলেট থেকে »
বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হলো বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের ২য় ওয়ানডে। সন্ধ্যা ৬:১৫ মিনিটে শুরু হওয়া বৃষ্টি এখন পর্যন্ত না কমলে ম্যাচ রেফারি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকলো বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচ আগামী ২৩শে মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এর আগে দুপুরে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন তামিম ও লিটন। কিন্তু তামিম রানআউটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরলেও বাংলাদেশকে বড় রানের ভীত গড়ে দেন লিটন ও শান্ত। লিটন ৭০ আর শান্ত ৭৩ রান করে আউট হলেও শেষের দিকে ঝড়ো ব্যাটিংয়ে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিকুর রহীম। মাত্র ৬০ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন তিনি। একইসাথে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিকও হয়েছেন মুশি। হৃদয় আউট হন ৪৯ রান করে।

মুশফিকুর রহীম ও তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৪৯ রানের বড় পুঁজি পায় টিম টাইগার্স যা কিনা ওডিআই ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। প্রথম ইনিংসের পরেই সিলেটে শুরু হয় বৃষ্টির হানা। যার ফলে ২য় ইনিংসে আর কোন বল মাঠে গড়ায়নি।
