সিরিজ জয়ের লক্ষ্যে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

মো: সোহেল রানা »

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে পাহাড় সমান রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। অভিজ্ঞ মুশফিকুর রহিমের দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরিতে ৩৪৯ রানের পাহাড়সম সংগ্রহ পেয়েছে তামিম ইকবালের দল।

আজ সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে দুই দল। এদিনও টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৯ রানের পুঁজি গড়ে টাইগাররা। যা ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ পুঁজি।

বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। আজকে এরচেয়ে কম তিন বল খেলে এ রেকর্ড গড়েছেন মুশফিক।

ইনিংসের শেষ বলে গ্রাহাম হিউমের বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূরণ করেন মুশফিক। ১৪ চার ও ২ ছক্কায় ১০০ রানের অপরাজিত দারুণ ইনিংসটি সাজিয়েছেন তিনি।

এই ইনিংসের পথে পঞ্চম উইকেটে তাওহিদ হৃদয়কে সাথে নিয়ে ৭৮ বলে ১২৮ রান যোগ করেন মুশফিক। হৃদয় ৩৪ বলে ৪৯ রান করেন ৪ চার ও ১ ছক্কায়।

এর আগে দ্বিতীয় উইকেটে লিটন দাস ও শান্ত ৯৬ বলে ১০১ রানের জুটি উপহার দেন। লিটন ৭১ বলে ৭০, শান্ত ৭৭ বলে ৭৩ রান করেন।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »