আবারো আইপিএলে ফিরলেন সৌরভ গাঙ্গুলি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে আবারো ফিরলেন সৌরভ গাঙ্গুলি। এবার একেবারে অন্য ভূমিকায়। আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের ‘ডিরেক্টর অব ক্রিকেট’ পদে ফিরলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক এ প্রধান কর্তা।

সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বিসিসিআই সভাপতির দায়িত্ব নেওয়ার আগে ২০১৯ দিল্লির আইপিএল ফ্র্যাঞ্চাইজি টিমের উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন। এ কারণেই ২০২০ সালের আইপিএল থেকে নিজেকে স্বেচ্ছায় সরিয়ে নিয়েছিলেন সৌরভ।

২০২২ সালের অক্টোবরে বোর্ডের সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলির মেয়াদ শেষ হওয়ার পরে ভারতীয় ক্রিকেট প্রশাসন থেকে সরে এসেছিলেন। এতদিন ক্রিকেটের সঙ্গে তার কোনও সম্পর্ক ছিল না। ফের তিনি ক্রিকেটে ফিরছেন।

এখন থেকে আইপিএল ছাড়া ও সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে প্রিটোরিয়া ক্যাপিটালস এবং নারী আইপিএলে দিল্লি ফ্র্যাঞ্চাইজির দেখভালও করবেন সৌরভ।

দায়িত্ব পেয়ে তিনি বলেন, ‘দিল্লি ক্যাপিটালসে ফিরে ভালো লাগছে। নারী দল এবং প্রিটোরিয়া ক্যাপিটালসের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। আইপিএলের আসন্ন মৌসুমে কাজ করতে মুখিয়ে আছি।’

সৌরভ বলেন, ‘শেষবার আমি যখন এই দলটির দায়িত্বে ছিলাম, তখন তারা ভালো করেছে। আমি ইতোমধ্যেই ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছি। আমি তাদের গ্রুপ হিসেবে দেখতে চাই। আশা করি, আগামী দুই মাস আমাদের বেশ ভালো কাটবে।’

আগামী ৩১ মার্চ থেকে শুরু হবে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »