নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বাংলাওয়াশ করেছে টাইগাররা। যেকোনো ফরম্যাটে তাদের বিপক্ষে প্রথমবারের মতো এমন কীর্তি গড়েছে বাংলাদেশ। দলের এমন জয়ে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন নাজমুল হোসেন শান্ত। দারুণ খেলোর সুবাদে এই সংস্করণের ব্যাটারদের তালিকায় বড় লাফ দিয়েছেন শান্ত। লিটন কুমার দাসও এগিয়েছেন।
বুধবার পুরুষদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি।
টি-টোয়েন্টি সিরিজে ইংলিশেদের বিপক্ষে তিন ম্যাচেই চল্লিশোর্ধ ইনিংস খেলে সিরিজ সেরা হয়েছেন শান্ত। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ৬৮ ধাপ এগিয়ে এখন ১৬ নম্বরে টপ অর্ডার এই ব্যাটার। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে বর্তমানে যা সেরা অবস্থান।
ইংলিশদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৫১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন শান্ত। পরের দুই ম্যাচেই ছিলেন তিনি অপরাজিত, করেন যথাক্রমে ৪৬ ও ৪৭ রান। সিরিজের সর্বোচ্চ ১৪৪ রান করেছেন টপ অর্ডার এই ব্যাটার।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ের লিটন এগিয়েছেন ৯ ধাপ, উঠে এসেছেন আগের সেরা ২২ নম্বরে। প্রথম দুই ম্যাচে তেমন রান করতে পারেননি তিনি। তবে তৃতীয় ও শেষ ম্যাচে দারুণ খেলেছেন এই ওপেনার। ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে হয়েছেন ম্যাচ সেরা।
অন্যদিকে, সিরিজের শেষ ম্যাচে ফিফটি করে এক ধাপ এগিয়ে ৭ নম্বরে এখন ইংলিশদের দাভিদ মালান। এছাড়া তাদের বেশিরভাগ ব্যাটারদেরই তালিকায় অবনতি হয়েছে।
এস.আর/নিউজক্রিকেট২৪
