নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর আগে জানিয়েছিল, আয়ারল্যান্ডের বিপক্ষে পুর্নাঙ্গ সিরিজ দিয়েই অনলাইনে ম্যাচের টিকিট বিক্রির চেষ্টা করবেন তারা। সেই কথা অনুসারে, এবার আয়ারল্যান্ড সিরিজের টিকিটই মিলবে অনলাইনে।
আজ বুধবার বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আয়ারল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ থেকেই টিকিট পাওয়া যাবে অনলাইনে। আমাদের ওয়েবসাইট (https://www.tigercricket.com.bd/) থেকেই টিকিট কাটা যাবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।’
বাংলাদেশে সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি এবং একটি টেস্ট খেলবে আয়ারল্যান্ড। সিলেটে ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে শুরু হবে আইরিশদের সফর। সিরিজের প্রথম ম্যাচ ১৮ মার্চ মাঠে গড়াবে। এছাড়া বাকী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ ও ২৩ মার্চ। প্রথম দুই ওয়ানডে শুরু হবে দুপুর ২টায়। তবে সিরিজের শেষ ওয়ানডে শুরু হবে দুপুর আড়াইটায়।
এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে বন্দরনগরী চট্টগ্রামে যাবে আয়ারল্যান্ড ও বাংলাদেশে। সেখানে সিরিজের ম্যাচ তিনটি যথাক্রমে ২৭, ২৯ এবং ৩১ মার্চ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।
সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি ৪ এপ্রিল মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
এস.আর/নিউজক্রিকেট২৪
