আফগান সিরিজে পাকিস্তানের হেড কোচ আবদুল রেহমান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তানের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রেহমান। নবনিযুক্ত কোচদের নাম মঙ্গলবার টুইট করে জানান পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি। সাকলাইন মুশতাকের স্থলাভিষিক্ত হলেন ৪৩ বছর বয়সী রেহমান।

ঘরোয়া ক্রিকেটে খাইবার পাখতুনখাওয়ার প্রধান কোচ ছিলেন রেহমান। চলতি পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতান্সের সহকারী কোচের দায়িত্ব পালন করছেন তিনি। পাকিস্তানের জার্সিতে ২২ টেস্ট, ৩১ ওয়ানডে ও ৮ টি-টোয়েন্টি খেলেছেন এই ক্রিকেটার।

আফগানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে হেড কোচ আবদুল রেহমানের সাথে সাবেক তারকা পেসার উমর গুল বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন দলটির ব্যাটিং গ্রেট মোহাম্মদ ইউসুফ।

আগামী ২২ মার্চ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিবে পাকিস্তান। শারজাহতে ২৪, ২৬ এবং ২৭ মার্চ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »