ইংলিশদের বাংলাওয়াশ করলো টাইগাররা

স্টাফ রিপোর্টার »

টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বাংলাওয়াশ করলো টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ইংলিশদের ১৬ রানে হারিয়ে যেকোনো ফরম্যাটে তাদের বিপক্ষে প্রথমবারের মতো এমন কীর্তি গড়লো বাংলাদেশ।

আজ মঙ্গলবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে হোয়াইটওয়াশের লক্ষ্যে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের ব্যাটিংয়ে দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেটে হারিয়ে ১৫৮ রানের সংগ্রহ করে সাকিব আল হাসানের দল।

জবাবে রান তাড়া করতে নেমে ডেভিড মালান ও অধিনায়ক জস বাটলারের ব্যাটে জয়ের পথেই হাঁটতেছিল ইংল্যান্ড। তবে তাসকিন আহমেদ-মোস্তাফিজদের দারুণ বোলিংয়ে ৬ উইকেটে ১৪২ রানে থেমেছে ইংল্যান্ডের ইনিংস। এতে ইংলিশদের ১৬ রানে হারিয়ে সিরিজও ৩-০ ব্যবধানে জিতল বাংলার দামাল ছেলেরা। সেই সাথে একাধিক ম্যাচের সিরিজে নবম সিরিজ ও চতুর্থবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করল টাইগাররা।

এর আগে টসে হেরে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিলেন লিটন দাস ও রনি তালুকদার। তবে বেশি সময় মাঠে থাকতে পারেননি রনি। আদিল রশিদের বলে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২২ বলে ২৪ রান।

ব্যাট হাতে দারুণ খেলে ফিফটির দেখা পেয়েছেন লিটন। ৫৭ বলে ৭৩ রানের ব্যক্তিগত সংগ্রহের পথে ১০টি চার ও একটি ছক্কা মারেন তিনি। শুরুটা দারুণ করলেও পরে বেশি রান করতে পারেননি নাজমুলও। প্রথম ২১ বলে ৩২ রান করা নাজমুল শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৬ বলে ৪৭ রানে। সাকিব ৬ বল খেলে ৪ রান করেছেন।

ইংলিশদের হয়ে ৪ ওভারে দিয়েছেন মাত্র ২৩ রান দিয়ে একটি উইকে শিকার করেছেন রশিদ। এছাড়া ৩ ওভারে ২১ রান দিয়ে আরেকটি উইকেট শিকার করেছেন ক্রিস জর্ডান।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »