স্টাফ রিপোর্টার »
টি-টোয়েন্টি ক্রিকেটের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ২-০ তে সিরিজ জিতে নিল বাংলাদেশ। আজ মিরপুরে চলমান টি-টোয়েন্টি সিরিজের ২য় ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ১ম বারের মত টি-টোয়েন্টিতে ইংলিশদের বিপক্ষে সিরিজ নিশ্চিত করল টাইগাররা।
টস জিতে অধিনায়ক সাকিব আল হাসান ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১১৭ রান সংগ্রহ করে ইংলিশরা। ইংলিশদের পক্ষে বেন ডাকেট ২৮ বলে ২টি চারের সাহায্যে দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন। এছাড়া উদ্ভোধনী ব্যাটার ফিল সল্ট ইনিংসের শুরুতে মারকুটে ভঙ্গিমায় ব্যাট চালালেও বেশিদূর এগোতে পারেন নি। তিনি ১৩১.৫৮ স্ট্রাইকরেটে তিনটি চার ও একটি বিশাল ছয়ের সাহায্যে ১৯ বলে দলের হয়ে ২য় সর্বোচ্চ ২৫ রান সংগ্রহ করেন।
টাইগারদের পক্ষে অফস্পিনার মেহেদি হাসান মিরাজ ক্যারিয়ার সেরা স্পেলে ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। এছাড়া তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও অধিনায়ক সাকিব ১টি করে উইকেট শিকার করেন।
১১৮ রানের মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও একপ্রান্ত আগলে রাখেন তিন নম্বরে ব্যাট করতে নামা নাজমুল হোসেন শান্ত। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ৬ উইকেট হারিয়ে জয় পায় বাংলাদেশ। শান্ত ৪৭ বলে ৪৬ রানের কার্যকরী এক ইনিংস খেলেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ২০ রানের ইনিংস রানের ছোট কিন্তু কার্যকরী এক ইনিংস খেলে শান্তকে যোগ্য সঙ্গ দেন দলকে জয়ের বন্দরে পৌঁছানোর জন্য।
উল্লেখ্য, এটি টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে ১ম সিরিজ জয়।
