নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের বিপক্ষে ওয়ানডে থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার ঝাই রিচার্ডসন। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) খেলা হচ্ছে না এই পেসারের। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অস্ত্রোপচার করতে হচ্ছে এই অজি পেসারকে। আসন্ন অ্যাশেজের আগে রিচার্ডসন সুস্থ হতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
বিগ ব্যাশ লিগ চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান রিচার্ডসন। চোটের জন্য বিগ ব্যাশের ফাইনাল খেলতে পারেননি তিনি। প্রাথমিকভাবে চোট গুরুতর মনে হয়নি। যদিও বাস্তবে সেই চোটের জন্যই শেফিল্ড শিল্ড ও মার্শ কাপের কোনও ম্যাচে মাঠে নামা হয়নি তার। তবুও রিচার্ডসনকে ভারত সফরের জন্য তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের স্কোয়োডে রাখে অজি নির্বাচকরা। তবে অবশেষে চোট না সারায় ভারতের সিরিজ থেকে ছিটকে গেছেন এ তারকা পেসার।
মূলত দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই রিচার্ডসনকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আইপিএলের এবারের আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার কথা ছিল এ পেসারের। এর আগে পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলে খেলার কথা থাকলেও খেলেননি তিনি। এতে আইপিএলের টানা দুই মৌসুমে এই অজি পেসারকে দেখা যাচ্ছে না।
রিচার্ডসনকে সর্বশেষ খেলতে দেখা গেছে বিগ ব্যাশে। যেখানে ৭ ম্যাচে ১৫ উইকেট শিকার করেছিলেন তিনি।
রিচার্ডসন এই টুইটে বলেছেন, ‘ইনজুরি ক্রিকেটের বড় অংশ, এটাই ফ্যাক্ট। অবশ্যই এটা নিয়ে হতাশ আমি। কিন্তু এখন আমি এমন এক পরিস্থিতিতে রয়েছি যে যেখান থেকে আমি ফিরতে পারবো যেটা আমি করতে ভালোবাসি এবং আগের চেয়ে ভালো প্লেয়ার হতেও কঠোর পরিশ্রম করতে পারি। এক ধাপ পেছালেও এটা দুই ধাপ এগোনোর সুযোগ। এটাই করতে হবে।’
এর আগে ২০১৯ সালে কাঁধের ইনজুরিতে পড়েছিলেন এই অজি পেসার। বড় ধরনের চোটের কারণে রিচার্ডসনকে অস্ত্রোপচারও করতে হয়েছে। এ কারণ ওয়ানডে বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজেও খেলতে পারেননি ন ডানহাতি এই পেসার।
এস.আর/নিউজক্রিকেট২৪
