প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানালেন মার্শ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানালেন শন মার্শ। ২২ বছর শেফিল শিল্ডে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন এ ক্রিকেটার। অজিদের জাতীয় দলের হয়ে ৩৮টি টেস্ট খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। গত বছর অধিনায়ক হিসেবে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে শেফিল্ড শিল্ডের শিরোপা জিতেন মার্শ।

২০০১ সালে মাত্র ১৭ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় অভিষেক হয় মার্শের। ২০২২ সালে অধিনায়ক হিসেবে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে শেফিল্ড শিল্ডের শিরোপা জিতেছেন তিনি। ফাইনালে ভাই মিচেল মার্শের অবর্তমানে দলকে নেতৃত্ব দিয়েছিলেন এ ক্রিকেটার।

২০২২-২৩ আসরে খেলার ইচ্ছা থাকলেও ইনজুরির কারণে গ্রীষ্মে শিল্ডের হয়ে মাত্র ১টি ম্যাচ খেলতে পারছেন মার্শ।

অবসর নিয়ে মার্শ বলেন, ‘আমার মনে হয় এটা সঠিক সিদ্ধান্ত। এই বিষয়ে আমি আমার স্ত্রী, বাবা এবং ভাইদের সাথেও আলোচনা করেছি। দারুণ একটি যাত্রা ছিল, আমি স্বপ্নেও ভাবিনি এখানে আমি ২২ বছর খেলব।’

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮৩ ম্যাচে ৩২টি সেঞ্চুরি ও ৫৮টি হাফ-সেঞ্চুরিতে ১২ হাজার ৩২ রান করেছেন মার্শ। তিন ফরম্যাট মিলিয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ২৩৬ ম্যাচে সর্বোচ্চ ১২ হাজার ৮১১ রান করেছেন তিনি। অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে ৩৮ টেস্টে ৬টি সেঞ্চুরি ও ১০টি হাফ-সেঞ্চুরিতে ২২৬৫ রান করেন মার্শ।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »