নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম পেতে পারেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এতে বাবরের অনুপস্থিতিতে পাকিস্তানের অধিনায়ক হবে শাহীন শাহ আফ্রিদি বলে সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাবর আজম ছাড়াও মোহাম্মদ রিজওয়ানও বিশ্রাম পাবেন। পিএসএল (পাকিস্তান সুপার লিগ) এ দাপুটে ব্যাটিং করা সাইম আইয়ুব, হাসিবউল্লাহ খান ও আজম খানরা সুযোগ পেতে পারেন এই সিরিজে।
এছাড়া পাকিস্তান জাতীয় দলের ডাক পেতে পারেন পেসার ইহসানউল্লাহও। শুধু তাই নয় আলোচনায় আছেন অলরাউন্ডার ফাহিম আশরাফ, ইমাদ ওয়াসিমরাও।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সম্মত হয়েছে নিজেদের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের সূচিতে বদল আনার ব্যাপারে। সিরিজের শুরুর ম্যাচ একদিন এগিয়ে আনা হয়েছে। ২৪ মার্চ মাঠে গড়াবে প্রথম ম্যাচ। বাকি দুই ম্যাচ ২৬ ও ২৭ মার্চ অনুষ্ঠিত হবে।
এস.আর/নিউজক্রিকেট২৪
