মিরপুরে ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। তাই টি-টোয়েন্টি সিরিজ জয়ের দারুণ সুযোগ রয়েছে টাইগারদের সামনে। প্রথম ম্যাচ শেষ করে বন্দরনগরী চট্টগ্রাম ছেড়ে রাজধানী ঢাকায় ফিরছে বাংলাদেশ ও ইংল্যান্ড ক্রিকেট দল।

আগামী রোববার (১২ মার্চ) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। একই ভেন্যুতে ১৪ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি।

শুক্রবার (১০ মার্চ) আসন্ন এই ম্যাচ দুটিকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে। যেখানে চট্টগ্রামের মতো ঢাকাতেও সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে খেলা। এই তালিকায় টিকিটের সর্বোচ্চ দাম রাখা হয়েছে ১৫০০ টাকা।

ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। এছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের দাম সবচেয়ে বেশি ১৫০০ টাকা। নর্থ/সাউথ স্ট্যান্ড গ্যালারীতে ৩০০ টাকায় টিকিট কেটে খেলা দেখতে পারবেন দর্শকরা। ক্লাব হাউজের টিকিট পাওয়া যাবে ৫০০ টাকায়। আর ভিআইপি স্ট্যান্ড গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০০ টাকা করে।

আগামীকাল শনিবার থেকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট কাউন্টারে শেষ দুই ম্যাচের টিকিট পাওয়া যাবে। এই কাউন্টার সকাল ৯.৩০ টা থেকে সন্ধ্যা ৬.৩০ টা পর্যন্ত খোলা থাকবে।

এস.আর/নিউজক্রিকেট২৪

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »