টেস্ট ক্রিকেটে নতুন নজির গড়লেন লঙ্কান অলরাউন্ডার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টেস্ট ক্রিকেটে নতুন নজির গড়লেন শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। বৃহস্পতিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম দিনের খেলা চলাকালীন টেস্ট ক্যারিয়ারের ৭০০০ রান পূর্ণ করেন তিনি। যা তৃতীয় শ্রীলঙ্কান ক্রিকেটার হিসেবে এই নজির গড়েছেন এ অলরাউন্ডার।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে এ টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতেই হবে শ্রীলঙ্কার। আর এমন আবহেই যেন ব্যাট হাতে দারুণ খেলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। এ দিন ৯৮ বল খেলে ৪৮ করেছেন তিনি। তার ইনিংস সাজানো ছিল ৬টি চার এবং ১ টি ছয়ে। দিনের শেষে শ্রীলঙ্কা দলও বেশ ভালো জায়গায় রয়েছে। ছয় উইকেট হারিয়ে তারা করেছে ৩০৫ রান।

এ দিনই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে নতুন নজির গড়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার দুই কিংবদন্তি কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়বর্ধনের পরে তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭০০০ রান পূর্ণ করলেন এ অলরাউন্ডার।

একই সাথে অ্যাঞ্জেলো ম্যাথিউস টপকে গেলেন অপর শ্রীলঙ্কার কিংবদন্তি সনৎ জয়সূর্যকেও। টেস্টে শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় জয়সূর্যকে টপকে গিয়েছেন তিনি। এ দিন শ্রীলঙ্কার হয়ে চার নম্বরে ব্যাট করতে আসেন তিনি। কুশল মেন্ডিসকে ৩৩তম ওভারে আউট করেন টিম সাউদি। এরপরেই ক্রিজে আসেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।

সেইদিন টেস্ট ক্যারিয়ারে ৭০০০ রানের মাইলফলক পার হওয়ার কিছুক্ষণ পরেই সাজঘরে ফেরেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।ম্যাট হেনরির বলে আউট হন তিনি।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »