প্রথম দল হিসেবে এনপিএলের সেমি নিশ্চিত বাংলাবাজারের

দুর্জয় দাশ গুপ্ত »

নবীগঞ্জ প্রিমিয়ার লীগ এনপিএলের ষষ্ঠ আসরের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করলো বাংলাবাজার ক্রিকেট ক্লাব। গতকাল নবীগঞ্জ জে,কে হাই স্কুল মাঠে শ্বাসরুদ্ধকর কোয়াটার ফাইনাল ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন চরগাঁওকে ৩ উইকেটে হারিয়েছে সাইফের দল। দুটো দলেই ছিলেন ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা ক্রিকেটাররা।

টস জিতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ব্রাদার্স ইউনিয়ন। একটা সময় মনে হয়েছিলো ব্রাদার্সের দলীয় সংগ্রহ হয়তো তিন অঙ্কের ঘরেও পৌঁছাবে না। কিন্তু এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাট করেন শান ইকবাল। তার ব্যক্তিগত ৬৮ রানের ইনিংসের উপর ভর করে ১৩৯ রানের লড়াই করার মত পুঁজি পায় ব্রাদার্স।

১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাবাজারের। দুই ওপেনারের ভুল বোঝাবুঝিতে কোন বল খেলার আগেই রানআউটের ফাঁদে পড়ে মাঠ ছাড়েন রায়হান। তার ঠিক পরের বলেই ওমরের বলে ক্লিন বোল্ড হয়ে মাঠ ছাড়তে হয় দলীয় অধিনায়ক সাইফকেও। দ্রুত উইকেট হারিয়ে ছাপে পড়লে মেহেদীকে নিয়ে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেন মাহবুব। কিন্তু দলীয় ২৯ রানে লং অনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মেহেদী। ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাবাজারকে একটু একটু করে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন মাহবুব ও সাঈদ। তাদের ৭০ রানের পার্টনারশিপে মনে হয়েছিলো ম্যাচটা অনেক সহজেই জিতে যাবে তারা। কিন্তু সাঈদ আর কাজলকে ফিরিয়ে আবারো ম্যাচে ফিরে ব্রাদার্স। শেষ ১২ বলে বাংলাবাজারের লক্ষ্য ছিলো ১৮ রান। অলরাউন্ডার রায়হানের ঝড়ো ব্যাটিংয়ে ৭ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় পায় তারা। এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকা মাহবুব ৩৬ রানের এক অনবদ্য ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার জিতেন। ফলে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাবাজার ক্রিকেট ক্লাব।

দ্বিতীয় কোয়াটার ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে রয়েল স্পোর্টিং ক্লাব ও উমরপুর ইউনিয়ন ক্রিকেট ক্লাব।

সংক্ষিপ্ত স্কোর :

ব্রাদার্স ইউনিয়ন : ১৩৯/৭ (২০)

শান ৬৮, রাহি ১৫, মিসবাহ ১৩

কাজল ২/২৫, শাহেদ ২/৩৩

বাংলাবাজার ক্রিকেট ক্লাব : ১৪১/৭ (১৮.৫)

সাঈদ ৪৩, মাহবুব ৩৬*, রায়হান ১৯*

ওমর ৪/১৫, নজরুল ১/১৬।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »