নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) দলের বোলিং কোচ হিসাবে নিয়োগ পেয়েছেন দেশটির জাতীয় দলের সাবেক পেসার হামিদ হাসান। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলের সঙ্গে যোগ দিবেন হামিদ। এতে ক্রিকেটকে বিদায় জানালেন এ পেসার।
হামিদ হাসানকে কোচ হিসাবে নিয়োগ দিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড লিখেছে, ‘আফগানিস্তানের ফাস্ট বোলিং গ্রেট হামিদ হাসান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং আফগানদের নতুন বোলিং কোচ হয়েছেন।’
কোচ হওয়ার খবর পেয়ে হামিদ বলেন, ‘গেল ২-৩ দশকে ক্রিকেট আমার জীবন। আমার গোটা জীবনের প্যাশনই ক্রিকেট। এটা কঠিন সিদ্ধান্ত ছিল যে খেলাটাকে সবচেয়ে ভালোবাসি সেটা থেকে অবসর নেওয়া। তবে আমি সেটা করছি আমার দল, আমার দেশের জন্য।’
আফগানিস্তান ক্রিকেটের বোলিং কোচ হতে পেরে বেশ খুশি হামিদ হাসান। তিনি বলেন, ‘আমি গর্বিত, খুশি আমাদের জাতীয় দলের বোলিং কোচ হতে পেরে। আমি আমার খেলোয়াড়ি জীবনের প্রতিটি সময় উপভোগ করেছি। এখন বোলিং গ্রুপের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’
আফগানিস্তানের হয়ে ৩৮ ওয়ানডে ও ২৫ টি-টোয়েন্টি খেলেছেন হামিদ হাসান। যেখানে যথাক্রমে ৫৯ ও ৩৫ টি উইকেট শিকার করেছেন এ পেসার।
এস.আর/নিউজক্রিকেট২৪
