নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দক্ষিণ আফ্রিকা সফরে ওয়েস্ট ইন্ডিজের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার স্যামুয়েল বদ্রি। ক্যারিবিয়ানদের সহকারী কোচের দায়িত্ব পালন করবেন এই লেগস্পিনার।
দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এই সফরে অন্তর্বর্তীকালীন কোচ আন্দ্রে কোলের সহকারী হিসেবে কাজ করবেন বদ্রি।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের স্পিন বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছিলেন বদ্রি। এছাড়া আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের হয়েও কোচ হিসেবে কাজ করেছিলেন তিনি।
দক্ষিণ আফ্রিকা সফরে দলের দাযিত্ব পেয়ে বদ্রি বলেন, ‘স্পিন পরামর্শক হিসেবে আগের যে দায়িত্ব, সেটিরই ধারাবাহিকতা ও আরেকটু বিস্তৃত দায়িত্ব এটি। ক্রিকেটারদের সঙ্গে কাজ শুরু করতে মুখিয়ে আছি আমি। ওদের কয়েকজনের সঙ্গে আমি খেলেছি, প্রায় সবাইকে খুব ভালোভাবে চিনি। সাউথ আফ্রিকায় চ্যালেঞ্জিং সফরে নিজেদের মেলে ধরতে চাই আমরা।’
২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫২টি টি-টোয়েন্টি খেলেছেন বদ্রি। ৬.১৭ ইকোনমি রেটে তুলে নিয়েছেন ৫৬টি উইকেট। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও দারুণ সফল তিনি।
সব মিলিয়ে ১৯৭টি টি-টোয়েন্টিতে খেলে ইকোনমি রেট মাত্র ৬.০২! ১৮৭ টি উইকেট শিকার করেছেন বদ্রি। এছাড়া নিজ দেশে ১২টি প্রথম শ্রেণির ম্যাচ এবং ৩৩টি লিস্ট এ খেলেছেন সাবেক এই লেগস্পিনার।
এস.আর/নিউজক্রিকেট২৪
