ইংল্যান্ডকে ২৪৭ রানের টার্গেট বাংলাদেশের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে ২৪৭ রানের টার্গেট দিলো বাংলাদেশ। আজ সোমবার (৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানের ব্যাটিং দৃঢ়তায় নির্ধারিত ৪৮,৫ ওভারে ২৪৬ রান সংগ্রহ করে টাইগাররা।

ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন-ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরেছে বাংলাদেশ। আজ সোমবার হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে শুরু ভালো হয়নি বাংলাদেশের।

প্রথম ওভারে উইকেট হারায় বাংলাদেশ। এতে শূন্য রানেই সাজঘরে ফেরেন লিটন দাস। এরপরে ওভারে ১১ রান করে সাজঘরে ফেরেন তামিম। এতে দলীয় ১৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

এরপরে দলকে টেনে তোলতে লড়াই করেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। ৭১ বলে ৫৩ রান করে রানআউট হন শান্ত। এতে ভাঙে দুজনের ৯৮ রানের জুটি। শান্ত সাজঘরে ফেরার দুই বল পর অর্ধশতক পান মুশফিক। ওয়ানডে ক্রিকেটে এটি ৪৩তম অর্ধশতকের দেখা পেলেন ডানহাতি এই ব্যাটার।

সুইপের চেষ্টা করতে গিয়ে লেগস্পিনার আদিল রশিদের গুগলিতে বোল্ড হোন তিনি। এতে ৯৩ বলে ৭০ রানে সাজঘরে ফেরেন মুশফিক। ভাঙে সাকিব আল হাসানের সাথে ৩৮ রানের জুটি। মুশফিকের পর মাহমুদউল্লাহকেও বোল্ড করলেন রশিদ (৮)।

১০ রান ব্যবধানে দুই উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ। ৫৫ বলে সিরিজে অর্ধশতক করেন সাকিব আল হাসান। ৭১ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন সাকিব। নির্ধারিত ৪৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৬ রান করতে পারে টাইগাররা।

বল হাতে ইংল্যান্ডের পক্ষে পেসার জোফরা আর্চার একাই ৩ উইকেট শিকার করেন। আদিল রশিদ ও স্যাম কারান নেন ২ টি করে উইকেট। এছাড়া ক্রিস ওকস আর অভিষিক্ত রেহান আহমেদ লাভ করেন ১টি করে উইকেট।

এস.আর/নিউজক্রিকেট২৪

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »