নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন বিসমাহ মারুফ। নতুনদের সুযোগ করে দিতে নেতৃত্ব ছাড়লেন তিনি। তবে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন এই ক্রিকেটার। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের পদত্যাগের বিষয়টি জানান বিসমাহ।
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বিসমাহ। বুধবার বিসমাহর পদত্যাগপত্র গ্রহণ করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজাম শেঠি।
টুইটবার্তায় নিজের পদত্যাগের খবর জানিয়ে তিনি লিখেছেন, ‘জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার থেকে বড় সম্মান আমার কাছে কিছু নেই। আমার মনে হয়েছে এটাই পরিবর্তনের সেরা সময়। তুলনায় কম বয়সের কোনো ক্রিকেটারকে অধিনায়ক হিসেবে গড়ে তুলতে হবে। নতুন অধিনায়ক সব সময় আমার সাহায্য ও পরামর্শ পাবে। দলকেও যতটা সম্ভব ততটাই সাহায্য করব।’
বিসমাহর সরে দাঁড়ানো প্রসঙ্গে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠী বলেন, আমি তার পদত্যাগপত্র গ্রহণ করেছি। সে (বিসমাহ) তরুণ সতীর্থদের সুযোগ করে দিতে চায়। তবে নেতৃত্ব ছাড়লেও জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবে সে।
এখনও পর্যন্ত ১৭ বছরের ক্যারিয়ারে ১২৪টি ওয়ানডে ম্যাচ খেলে ৩১১০ রান করেছেন বিসমাহ। আর ১৩২টি টি-২০ ম্যাচ খেলে ২৬৫৮ রান করেছেন এ পাক ক্রিকেটার।
এস.আর/নিউজক্রিকেট২৪
