নিজস্ব প্রতিবেদক »
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দলে একদম নতুন মুখ তিনজন তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম। বিপিএলে দারুণ খেলে নতুনভাবে দলে ফিরেছেন রনি তালুকদার।
বুধবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ২ ম্যাচের দল ঘোষণা করেছে বিসিবি।
সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে দারুণ খেলেছেন রনি তালুকদার। রংপুর রাইডার্সের হয়ে ব্যাট হাতে ৪২৫ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হোন তিনি। টুর্নামেন্টজুড়ে ১২৯ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন এই ওপেনার। বিপিএলের এমন পারফরম্যান্সে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেন রনি।
২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলেছিলেন রনি। এরপরে আর কোনো ফরম্যাটে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।
অন্যদিকে, প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পাওয়া তৌহিদ হৃদয় টি-টোয়েন্টি দলেও আছেন। এছাড়া টি-টোয়েন্টি দলে একবারে নতুন নেওয়া হয়েছে পেসার রেজাউর রহমান রাজা এবং স্পিনার তানভীর আহমেদকে। তবে রেজাউরকে এর আগে টেস্ট দলে রাখা হলেও কোন ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।
সর্বশেষ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স হয়ে দারুণ খেলে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার পুরস্কার পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভীর। এছাড়া তরুণ বাঁ-হাতি ব্যাটার শামীম হোসেন পাটোয়ারীকে টি-টোয়েন্টি দলে ফেরানো হয়েছে।
টি-টোয়েন্টি স্কোয়াড: সাকিব আল হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান, তানভীর ইসলাম।
এস.আর/নিউজক্রিকেট২৪
