দুর্জয় দাশ গুপ্ত »
প্রতি বছরের ন্যায় এবারো পর্দা উঠছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট নবীগঞ্জ প্রিমিয়ার লীগ এনপিএলের। আগামীকাল ১লা মার্চ নবীগঞ্জ জে,কে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে রয়েল স্পোর্টিং ক্লাব ও টি’এম স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচটি দিয়ে শুরু হচ্ছে এনপিএলের ষষ্ঠ আসরের। এবার চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি হিসেবে থাকছে নগদ ১ লক্ষ টাকা আর রানারআপ দল পাবে নগদ ৪০ হাজার টাকা। কেবল যে প্রাইজমানির দিক দিয়েই এনপিলের এবারের আসরটা সব দিক থেকে এগিয়ে এমনটা না, আগের সব আসরের চেয়ে এবারের এনপিএল আয়োজনেও রয়েছে বেশ জাঁকজমকপূর্ণতা। পুরো টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে আছেন যুক্তরাজ্য প্রবাসী শেখ মহিউদ্দিন আহমেদ।
এনপিএলের ষষ্ঠ আসরে এবার অংশ নিচ্ছে ষোলটি দল। নকআউট পদ্ধতির এ এনপিএলে মোকাবেলা করবে ব্রাদার্স ইউনিয়ন চরগাঁও, রয়েল স্পোর্টিং ক্লাব নবীগঞ্জ, টি, এম স্পোর্টিং ক্লাব, বেস্ট অফ শাখাবরাক, ফায়ার এলিভেন চৌধুরী বাজার, বাগাউড়া এলিভেন স্টার, বাজকাশারা ক্রিকেট ক্লাব, উমরপুর ইউনিয়ন ক্রিকেট ক্লাব, কিশোর স্পোর্টস ক্লাব, বেস্ট অব শাখা বরাক, ন্যাশনাল ক্রিকেট ক্লাব, রাজনগর ক্রিকেট ক্লাব, করগাঁও ক্রিকেট ক্লাব, শিবগঞ্জ ক্রিকেট ক্লাব, বাংলাবাজার ক্রিকেট ক্লাব ও নয়মৌজা একাদশ।

এ ব্যাপারে এনপিএলের চেয়ারম্যান তুহেল আমিন নিউজ ক্রিকেট ২৪ ডট কমকে জানান, “২০১৩ সাল থেকে নবীগঞ্জ প্রিমিয়ার লীগ এনপিএলের শুরু হয়। নবীগঞ্জ তথা পুরো হবিগঞ্জ জেলার মধ্যে এনপিএল জনপ্রিয়তার দিক দিয়ে অন্যতম জনপ্রিয় এক ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দলের অনেক ক্রিকেটারও খেলে গেছেন। যেমন, সাবেক অধিনায়ক রাজিন সালেহ, অলক কাপালি, তাপস বৈশ্য এর মত ক্রিকেটার এনপিএলে বিভিন্ন দলের জার্সি গায়ে মাঠে নেমেছেন। এবারও হয়তো দেশের বড় বড় ক্রিকেটারদের সেমি ফাইনাল কিংবা ফাইনালে দেখা যাবে। আমি সবসময়ই চেষ্টা করি এনপিএলের নতুন আসরগুলোকে বৈচিত্র্যময় করে তুলতে। এবারের প্রধান আকর্ষণ হলো প্রাইজমানি। ১ লক্ষ টাকার টুর্নামেন্ট নবীগঞ্জে এর আগে কখনোই হয়নি। আশা করি জমজমাট এই টুর্নামেন্ট খুব সুন্দরভাবেই অনুষ্ঠিত হবে। আমি পুরো নবীগঞ্জের সর্বস্তরের ক্রিকেট প্রেমী, উপজেলা প্রশাসন সহ সকলের সহযোগীতা কামনা করছি।”
