স্টাফ রিপোর্টার »
সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। এবার সব সমস্যার দূর করতে ডিআরএসের পরিবেশকের সাথে দীর্ঘ মেয়াদী চুক্তিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই এখন থেকে আন্তর্জাতিক সিরিজের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও থাকবে ‘ডিআরএস’।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) এ তথ্য দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন।
তিনি বলেন, ‘আমরা লম্বা সময়ের জন্য চুক্তিতে চলে যাচ্ছি। যারা এই সার্ভিসটা দেয় তাদের সঙ্গে আমরা চুক্তি করতে চাচ্ছি ২০২৭ পর্যন্ত। বাংলাদেশে যে ঘরোয়া ও আন্তর্জাতিক খেলাগুলো হবে সবগুলোতেই আমরা ডিআরএস সুবিধা পাবো।’
নিজামউদ্দিন বলেছেন, ‘অবশ্যই ডিআরএস থাকবে। (ইংল্যান্ড সিরিজে)। ডিআরএস নিয়ে তো অনেক কথা হয়েছে। অনেক বিষয় এসেছে। ডিআরএসটা হচ্ছে আমাদের প্রোডাকশনের একটা অংশ। আগে যখন ডিআরএস ছিল না তখন কিন্তু আইসিসি ইভেন্টও হয়েছে। কিন্তু এই প্রযুক্তি আসার পর আইসিসি ডিআরএসটাকে সব আইসিসি ইভেন্টের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে।’
বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘ঘরোয়া প্রতিযোগিতায় আমাদের চেষ্টা ছিল ডিআরএসটাকে আনার। আমরা চেষ্টা করেছিলাম ডিআরএসটাকে আমাদের প্রোডাকশন টিমের হাতে দিয়েছিলাম। এই জিনিসটা থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা দীর্ঘ মেয়াদে যাচ্ছি।’
এস.আর/নিউজক্রিকেট২৪
