ঘরের মাঠে বাংলাদেশকে হারানো কঠিন হবে: বাটলার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দীর্ঘ সাত বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে দ্বিতীয় দিনের অনুশীলন শেষে প্রথমবার মিরপুরে সংবাদ সম্মলনে আসেন জস বাটলার। বাংলাদেশকে ঘরের মাঠে হারানো কঠিন বলে জানিয়েছেন এ ইংলিশ অধিনায়ক।

তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা। প্রথম ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ ও ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ মাঠে গড়াবে। আগামী পহেলা মার্চ মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে শুরু হবে। দুপুর বারোটা থেকে ওয়ানডে সিরিজটি মাঠে গড়াবে।

সংবাদ সম্মলনে বাটলার বলেন, ‘বাংলাদেশকে ঘরের মাঠে হারানো কঠিন। ওরা সম্প্রতি ভারতকে হারিয়েছে। তবে আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে আমাদের ইতিবাচক খেলাটাই খেলতে চাইব।’

তিনি বলেন, ‘বিশ্বকাপকে ঘিরেই আমাদের পরিকল্পনা। বাংলাদেশের কন্ডিশন ভারতের কন্ডিশনের সবচেয়ে কাছাকাছি। এখানে আমরা নিজেদের পরীক্ষা নিতে উন্মুখ হয়ে আছি।’

ইংলিশ অধিনায়ক বলেন, বিশ্বকাপের আগে এই ধরনের কঠিন কন্ডিশনেই খেলতে চাই। এখানে স্লো আর লো উইকেট প্রত্যাশা করছি। এটাই আমরা চাই। দল হিসেবে এই পরীক্ষা দিতে চাই।’

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »